সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও মোটরসাইকেল আটক, গ্রেপ্তার ১
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৩ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাথরের মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
বিজিবি জানায়, আটক মাদক ও মোটরসাইকেলের মোট আনুমানিক মূল্য ১ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের রাজস্ব সুরক্ষা এবং স্থানীয় শিল্পের বিকাশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









