সাতক্ষীরা সীমান্তে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৮ অক্টোবর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীন কুশখালি বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ১১/৪-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধ নামক এলাকায় অভিযান চালায়। এ সময় ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় এসব ওষুধ জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় পণ্য চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের বিকাশে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অভিযান চলাকালে উপস্থিত স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।









