সারজেল ফ্রেন্ডশিপ কাপ: কুমিরা ও খলিশখালীকে হারিয়ে নগরঘাটা-ধানদিয়া জয়ী
নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার ঐতিহ্যবাহী পাটকেলঘাটা ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সারজেল ফ্রেন্ডশিপ কাপ-২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ। রোববার বিকেলে অনুষ্ঠিত এই খেলায় কুমিরা ও খলিশখালী পূর্ব ফুটবল একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে নগরঘাটা ও ধানদিয়া পশ্চিম ফুটবল একাদশ।
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং পাটকেলঘাটা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
খেলা শুরুর পর থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। মাঝমাঠের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। উভয় দলের গোলরক্ষকদের চমৎকার দক্ষতার কারণে বেশ কিছু নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া হয়। ম্যাচের দ্বিতীয়ার্ধে এসে অচলাবস্থা ভাঙেন ধানদিয়া একাদশের খেলোয়াড় সাইদুজ্জামান বাবলু। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে তাঁর করা দৃষ্টিনন্দন ও জয়সূচক একমাত্র গোলেই ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে নগরঘাটা ও ধানদিয়া পশ্চিম ফুটবল একাদশ। গোল পরিশোধে প্রতিপক্ষ শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালালেও তা ধানদিয়ার শক্তিশালী রক্ষণভাগে প্রতিহত হয়।
এই ফুটবল ম্যাচকে কেন্দ্র করে পাটকেলঘাটা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ফুটবলপ্রেমী দর্শক মাঠে ভিড় জমান। দর্শকদের তুমুল করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ কেয়ার ফার্মার সাতক্ষীরা জোনের জোনাল ম্যানেজার এ কে এম হাসানুজ্জামান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডা. আব্দুল গফ্ফার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. এস এম হাদিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার মো. আহসান উল্লাহ। ম্যাচটি পরিচালনায় ছিলেন ডা. মো. আব্দুল কুদ্দুস এবং রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন এস এম আলাউদ্দিন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকা- থেকে দূরে রেখে মাঠমুখী করা এবং এলাকার প্রতিভাবান ফুটবলারদের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করাই এই টুর্নামেন্টের অন্যতম মূল উদ্দেশ্য।










