সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিনভর সীমান্তের বিভিন্ন পয়েন্টে পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।
বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, এদিন পৃথক তিনটি বিওপির (বর্ডার আউটপোস্ট) টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, কলারোয়া থানার গোয়ালপাড়া এলাকা থেকে ২২ লাখ ১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল যন্ত্রাংশ আটক করে। কলারোয়ার উত্তর ভাদিয়ালী নামক স্থান থেকে ৩ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। সাতক্ষীরা সদর থানার গড়িয়ডাঙ্গা এলাকা থেকে ৫ লাখ ২৩ হাজার ১০০ টাকার মোবাইল যন্ত্রাংশ উদ্ধার করে।
বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। জব্দকৃত মালামালের মোট মূল্য ৩০ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় পণ্য চোরাচালানের ফলে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।










