শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

স্বপন বৈরাগীর গল্পগ্রন্থ ‘বেলা হলো অবেলায়’-এর মোড়ক উন্মোচন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
স্বপন বৈরাগীর গল্পগ্রন্থ ‘বেলা হলো অবেলায়’-এর মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সাহিত্য আকাশে নতুন একটি পালক যুক্ত হলো। মনোজ্ঞ এক আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে কবি ও সাহিত্যিক স্বপন বৈরাগীর নতুন গল্প সংকলন ‘বেলা হলো অবেলায়’। শনিবার (১১ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এক সাহিত্যিক আবহে বইটির পাঠোন্মোচন অনুষ্ঠিত হয়।
অধ্যাপক নুর মোহাম্মদ পাড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির পাঠোন্মোচন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। প্রধান আলোচক হিসেবে বইটির সাহিত্যমান ও বিষয়বস্তুর ওপর আলোকপাত করেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল হামিদ।
আলোচকেরা তাঁদের বক্তব্যে বলেন, স্বপন বৈরাগীর লেখনীতে সমসাময়িক জীবনবোধ ও সমাজের গভীর কথামালা উঠে এসেছে। ‘বেলা হলো অবেলায়’ গ্রন্থটি বর্তমান সময়ের কথাসাহিত্যে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন। লেখকের জীবনমুখী দৃষ্টি ও শব্দের বুনন পাঠকদের দীর্ঘকাল আচ্ছন্ন করে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে লাইব্রেরি প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিশিষ্ট কবি ও সাহিত্যিকবৃন্দ।
ঋষি ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অব সাতক্ষীরার সদস্যবৃন্দ, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার প্রতিনিধি, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কবির আত্মীয়-স্বজন ও অগণিত শুভাকাক্সক্ষী। সুশৃঙ্খল ও আনন্দঘন এই আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এক বিকেলের সাহিত্য আড্ডা। সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল স্থানীয় সংস্কৃতিমনা মানুষের জন্য একটি সার্থক ও উপভোগ্য ক্ষণ।

Ads small one

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গার মুচির কোনা এলাকায় খোলপেটুয়া নদীর উপকূলীয় ওয়াপদা বেড়িবাঁধে ধস নেমেছে। খবর পেয়ে দ্রুত জিওটিউব ফেলে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান, দুপুরে বেড়িবাঁধের আনুমানিক ৩০০ ফুট ধসে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ না হলে জোয়ারের পানি ঢুকে খাজরা ও বড়দল ইউনিয়নের ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাউবোকে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।