৩০তম জাতীয় কারাতে: পদকের লক্ষ্যে ঢাকায় নামছে সাতক্ষীরা জেলা দল
নিজস্ব প্রতিনিধি: আগামী ১৬ এপ্রিল থেকে ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা ২০২৬। তিন দিনব্যাপী এই আসরকে সামনে রেখে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সাতক্ষীরার কারাতে যোদ্ধারা।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে এবারের প্রতিযোগিতায় সারা দেশের প্রায় ৮০টি সংস্থা ও জেলা থেকে ১০০০-এর বেশি প্রতিযোগী অংশ নিচ্ছেন। বিভিন্ন ওজন ও ক্যাটাগরিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের এই লড়াই চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার হয়ে এই আসরে অংশ নিচ্ছে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ প্রশিক্ষক মো. আব্দুল মাতিন।
কোচ আব্দুল মাতিন জানান, “আমাদের খেলোয়াড়রা গত কয়েক মাস কঠোর পরিশ্রম করেছে। জাতীয় পর্যায়ের এই আসরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে জেনেও আমরা পদক জয়ের ব্যাপারে আশাবাদী। সাতক্ষীরার কারাতে খেলোয়াড়দের মধ্যে সেই মেধা ও মনোবল রয়েছে।”
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দলটি শীঘ্রই ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিয়ে জেলার সুনাম অক্ষুণ্ণ রাখতে সাতক্ষীরাবাসীসহ দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের ম্যাটে সাতক্ষীরার এই তরুণরা কতটুকু চমক দেখাতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষায় জেলার ক্রীড়াপ্রেমীরা।












