আজও তোমার দেখা পেলাম না
(ভগবানের উদ্দেশ্যে নিবেদিত)
অরুণ সান্যাল
আজও তোমার দেখা পেলাম না, হে ভগবান!
বউ কথা কও পাখির মতন সকাল থেকে কত ডাকলাম,
তবু তোমার অলক্ষ্য ইশারার নাগাল পেলাম না!
সারাটি দিনমান কেবল তোমার পায়ের নুপুরের রিনঝিন
শব্দ শোনার আশায় বসে রইলাম,
কিন্তু ঘরের কোণের প্রদীপের শিখাটা
শুধু ছটফট করল, তোমার দেখা মিলল না!
লোকে বলে তুমি নাকি ভক্তের ডাকে সাড়া দিয়ে
সাগরের মাঝ থেকেও পথ দেখিয়ে আনো,
তবে কি আমার এই বুকভাঙা দীর্ঘশ্বাসগুলো
তোমার কানে পৌঁছানোর আগেই মেঘে হারিয়ে যায়?
সন্ধ্যা নামার ঠিক আগে আকাশটা যখন
কেমন যেন সিঁদুরে মেঘে লাল হয়ে ওঠে,
তখন মনে হয় এই বুঝি তুমি ধরা দিলে!
কিন্তু নাÑওটা কেবল গোধূলির আলো,
তোমার করুণার ছোঁয়া নয়।
আজও আমার শূন্য হাত দুটো
শূন্যতাই আঁকড়ে ধরে রইল,
রাতের আকাশে একটা তারাও
আজ আমার চোখের জল মুছিয়ে দিতে এল না!
সবাই ঘুমিয়ে পড়েছে, কেবল আমার বুকের ভেতর
একটা চাপা অভিমান জেগে আছে।
তবে কি তুমি সত্যিই আছ, নাকি আমার এই একতরফা
বিশ্বাসটাই কেবল বড় বেশি বাড়াবাড়ি?
তবুও বুকভাঙা কান্নার শেষ বিন্দুটুকু জমিয়ে রেখে আজ আবারও বলছিÑ
আজও তোমার দেখা পেলাম না, হে ভগবান!












