সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

আদালতে অবৈধ অর্থ লেনদেন বন্ধে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কঠোর বার্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
আদালতে অবৈধ অর্থ লেনদেন বন্ধে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কঠোর বার্তা

পত্রদূত রিপোর্ট: আদালতে অবৈধ অর্থ লেনদেন বন্ধে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্যদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে এক নোটিশ জারী করা হয়েছে। ১৭ মে সমিতির সদস্য সচিব এড. মোঃ নুরুল আমিন স্বাক্ষরিত ঐ নোটিশটি জারী করা হয়।

 

নোটিশে আইনজীবী সমিতির সকল সদস্যকে জানানো হয়েছে, গত ১৩ মে তারিখে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের যৌথ মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী দেওয়ানি ফৌজদারি আদালতে মামলা দাখিল, জামিনের দরখাস্তসহ যাবতীয় দরখাস্ত দাখিল, বেলবন্ড দাখিল সংক্রান্ত বিষয়ে কোনরূপ অর্থ প্রদান করা নিষেধ।

 

যদি উক্ত বিষয়ে কোন মুহুরী এবং কোন সদস্য উক্ত কাজে জড়িত হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া পেশকার, সেরেস্তাদারসহ সংশ্লিষ্ট কেহ বিনা টাকায় উক্ত দরখাস্ত সমূহ গ্রহণ না করলে তাৎক্ষণিকভাবে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজকে অথবা সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক-সদস্য সচিবকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

Ads small one

আগামী ২৮ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
আগামী ২৮ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা

অনলাইন ডেস্ক: দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

 

সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

 

তিনি জানান, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার থেকে দেশে জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

 

 

সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলে নিহতের ঘটনায় ক্ষুব্ধ বনজীবীদের বন অফিসে হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলে নিহতের ঘটনায় ক্ষুব্ধ বনজীবীদের বন অফিসে হামলা

শ্যামনগর প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনে কাঁকড়া শিকার করতে যেয়ে আমিনুর রহমান(৪৫) নামের এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে খুলনা রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল পাটকোস্টার ঝিলে এলাকায় কাঁকড়া ধরার সময় বনবিভাগের টহল টিমের ছোঁড়া গুলিতে তিনি নিহত হন বলে দাবি তার সহযোগীদের। বনবিভাগের টহল টিমের সদস্যদের ডাকে সাড়া না দিয়ে পালানোর চেষ্টা করায় পিছন থেকে গুলি ছুঁড়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার সহযোগী বনজীবীরা। তিন সন্তানের জনক আমিনুর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের মৃত আকছেদ আলী গাজীর ছেলে।

নিহতের সহযোগী জেলে আহম্মদ মোড়ল জানান, তিনদিন আগে বনবিভাগের পাশ (অনুমতিপত্র) নিয়ে দুটি নৌকাযোগে তারা চারজন বনজীবী সুন্দরবনে যায় কাঁকড়া শিকারের জন্য। সোমবার সকাল থেকে খুলনা রেঞ্জের পাটকোসটার ঝিলে এলাকায় (অভয়ারণ্য) নৌকায় বসে তারা কাঁকড়া শিকার করছিলেন। একপর্যায়ে সকাল সাতটার দিকে পাশর্^বর্তী টহলফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেনের নেতৃত্বে টহল টিমের সদস্যরা পিছন থেকে ডাক দেয় এবং টিমের সদস্যরা এক রাউন্ড গুলি ছুঁড়লে ঘটনাস্থলে আমিনুরের মৃত্যু হয়। পরবর্তীতে দুপুর একটার দিকে মৃতদেহ নিয়ে তারা এলাকায় ফিরে আসে।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান, সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া শিকারে যাওয়া জেলেদের উপর বনবিভাগের টহল টিমের সদস্যরা গুলি ছুঁড়েছে। সে ঘটনায় আমিনুর নামের এক জেলে নিহত হওয়ার পর স্থানীয় বনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বনজীবীরা সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন ও তদসংলগ্ন রেঞ্জ কার্যালয় ঘেরাও করার জন্য সেখানে জড়ো হতে শুরু করেছে। তিনি অভিযোগ করেন, জলদস্যুরা গোটা সুন্দরবনজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করলেও বনবিভাগ বা কোস্টগার্ড তাদের টিকিটি পর্যন্ত ছুঁতে পারছে না। অথচ নিরীহ জেলেদের উপর গুলি চালিয়ে লাখ লাখ বনজীবীর জন্য সুন্দরবনে প্রবেশের ক্ষেত্রে পরোক্ষভাবে ভীতি ছড়াচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান জানান, বর্তমানে সুন্দরবনে দস্যু দমনে অভিযান চলছে। প্রকৃতপক্ষে কাদের গুলিতে ঐ জেলের মৃত্যু হয়েছে নিশ্চিত করে বলা যাচ্ছে না। জেলে নিহতের ঘটনাটি খুলনা রেঞ্জে ঘটেছে- জানিয়ে তিনি আরও বলেন, মোবারক হোসেনের নেতৃত্বে টহল টিম পরিচালনার কথা জেলেদের পক্ষ থেকে দাবি করা হলেও সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে আমিনুর রহমানের নিহতের ঘটনার সাথে বনরক্ষী কারও সংশ্লিষ্টতার প্রমান মিললে অবশ্যই প্রচলিত আইনের আওতায় আনা হবে তাকে।

এদিকে বনরক্ষীদের গুলিতে জেলে আমিনুরের নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিকাল চারটার দিকে দুই শতাধিক বনজীবী দলবদ্ধ হয়ে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও পাশর্^বর্তী বুড়িগোয়ালীনি স্টেশন অফিসে হামলার চেষ্টা করে। কয়েক মিনিট ধরে ইট পাটকেল নিক্ষেপ ও সীমানা বেঁড়া ভাংচুরের পরপরই শামনগর থানা পুলিশ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রনে আনে।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক জানান, গুলিতে এক বনজীবী নিহতের ঘটনায় উপকুলীয় এলাকায় বসবাসরত বনজীবীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যে নিহত আমিনুরের মৃতদেহ এলাকায় পৌছেছে। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় নেয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। পরিস্থিতি শান্ত করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সাতক্ষীরায় গ্রাম আদালত শক্তিশালীকরণে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় গ্রাম আদালত শক্তিশালীকরণে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা

সংবাদদাতা: সাতক্ষীরায় জেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
সভায় জেলার সাতটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং ৭৭ টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্ধ বার্ষিক সমন্বয় সভায় সভাপতি বলেন, গ্রাম আদালত হলো বিচার ব্যবস্থার তৃণমূল ভিত্তি। ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য সাধারণ মানুষকে যেন জেলা আদালত বা থানায় যেতে না হয়, সে জন্যই গ্রাম আদালতকে কার্যকর করা করতে হবে। তিনি বলেন, গ্রাম আদালতে সাধারণ বিচারপ্রার্থীদের অর্থ ও সময় সাশ্রয় হবে, অন্যদিকে জেলা আদালতের মামলার জটও অনেকাংশে হ্রাস পাবে। তিনি উপস্থিত কর্মকর্তাদের বলেন, সাধারণ মানুষ যেন গ্রাম আদালতের গুরুত্ব বুঝতে পারে, সেজন্য ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা পরিচালনা করতে হবে।

অনুষ্ঠানে গত ছয় মাসে জেলার মামলার তথ্য এবং গ্রাম আদালতের সামগ্রিক অগ্রগতি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন গ্রাম আদালতের ডিস্ট্রিক ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা) মো: হাফিজুর রহমান। এছাড়া তিনি, গ্রাম আদালতের আদালত কার্যক্রমের অগ্রগতি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।

সভায় অর্ধ বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে গ্রাম আদালত পরিচালনায় ভালো অবদান রাখায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন জন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে সম্মাননা উপহার দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলার সকল উপজেলা সমন্বয়কারীগণ।