মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা

আরিফ মাহমুদ: আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায় শূন্য হয়ে পড়ছে গ্রাম বাংলার নিদর্শন ধানের গোলা।

কয়েক যুগ আগেও গ্রামাঞ্চলের অনেকের কৃষকের বাড়িতে ধান রাখার জন্য ধানের গোলা থাকতো। সেটি এখন অনেকটা স্মৃতি। মাঠের পর মাঠ ধান ক্ষেত থাকলেও অধিকাংশ কৃষকের বাড়িতে নেই ধান মজুদ করে রাখা বাঁশের তৈরী গোলাকৃতির ধানের গোলা। একসময় কন্যা পাত্রস্থ করতে বর পক্ষের বাড়িতে ধানের গোলার খবর নিতো কন্যা পক্ষের বাড়ির লোকজন। যা এখন শুধু রূপকথা।

প্রবীন ব্যক্তি আনোয়ার হোসেন, রহিমা খাতুনসহ অনেকে জানান, গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে বাঁশ-চটা দিয়ে গোল আকৃতির তৈরী করা ধানের গোলা উঁচুতে বসানো হতো। গোলার মাথায় থাকতো টিন বা খড়ের ছাউনি। ছাউনি দেয়া হতো পিরামিড আকৃতির টাওয়ারের মতো। সর্বোচ্চ দুই হাতের মতো ছোট চতুর্ভূজ আকৃতির গোলার প্রবেশ মুখ বা দরজা রাখা হতো। সেটাও আবার গোলার উপরের দিকে, যেন কেউ সহজে চুরি করতে না পারে। ওই মুখ বা দরজা দিয়ে গোলার ভিতরে শুকনো ধান রাখা হতো ও পরবর্তীতে বাহির করা হতো।

তারা আরো জানান, সেসময় ধানের গোলা তৈরীর জন্য বিভিন্ন এলাকায় দক্ষ কারিগর ছিল। এখন গোলাও নেই, বাধ্য হয়ে গোলা নির্মানের কারিগরও সেই পেশা ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হয়েছেন।

তারা বলেন, গোলা সংষ্কারের জন্য বাঁশ-চটার চেয়ে কারিগর পাওয়া দুষ্কর হয়ে পড়ায় ধানের গোলা অবশিষ্ট থাকছে না। যাদের গোলা ছিলো এখন তাদের কেউ কেউ সেটি ব্যবহার বা স্মৃতি হিসেবে রাখলেও বেশির ভাগ পরিবারেই ধানের গোলা ভেঙ্গে অপসারণ করে ফেলেছে। এখন আর কেউ গোলায় ধান রাখে না। এর পরিবর্তে ইট-বালু-সিমেন্টের তৈরী পাকা ঘরে ধান রাখে বা আড়তদারদের নিকট বিক্রি করে দেয়।

তবে কালের সাক্ষী হয়ে আজও ধান রাখার গোলা রেখে স্মৃতি বহন করছেন যারা তাদেরই মধ্যে কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মোড়ল বাড়ির কৃষকরা। ওই গ্রামের কৃষক আব্দুর রশিদ জানান, ‘আমার দাদা, তারপর আমার বাপ-চাচারা ধানের গোলায় ধান রাখলেও এখন গোলার চলন নেই। তবে আমরা সেই গোলার স্মৃতি বহন করে চলেছি। এখন আর ধান গোলায় রাখা হয় না, বস্তাভর্তি করে গুদাম ঘরে রেখে দেয়া হয়।’

আগামি প্রজন্মের কাছে ধানের গোলা ঘর স্মৃতিতে পরিণত হচ্ছে। আধুনিক গুদাম ঘর ধান-চাল রাখার জায়গা দখল করছে। ফলে গোলা ঘরের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে।

 

Ads small one

সম্পাদকীয়/ প্রসঙ্গ: দৃষ্টিপ্রতিবন্ধীর পুঁজি কেড়ে নেওয়ার লজ্জা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
সম্পাদকীয়/ প্রসঙ্গ: দৃষ্টিপ্রতিবন্ধীর পুঁজি কেড়ে নেওয়ার লজ্জা

সাতক্ষীরা জেলা জজ আদালত ও জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় ক্যালেন্ডার বিক্রেতা দৃষ্টিপ্রতিবন্ধী বাদশাহ শাহজাহান সেলিমের কাছ থেকে টাকা ভাঙানোর কথা বলে পুঁজি হাতিয়ে নেওয়ার ঘটনাটি কেবল একটি সাধারণ প্রতারণা নয়; এটি আমাদের সামাজিক বিবেক, মানবিকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বড় ধরনের প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। প্রকাশিত সংবাদের তথ্য অনুযায়ী, সোমবার দুপুরে ঘটা এই প্রতারণায় তিনি তাঁর প্রতিদিনের আয়ের পাশাপাশি ব্যবসার পুঁজিও হারিয়েছেন, যার ওপর তাঁর পরিবারের ভরণপোষণ নির্ভর করে। যে স্থানে বিচারপ্রার্থী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের যাতায়াত, ঠিক সেই চত্বরেই একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের অসহায়ত্বকে পুঁজি করে এমন কাজ করা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক।
শাহজাহান সেলিম কোনো দয়া বা ভিক্ষার ওপর নির্ভরশীল নন; বরং শ্রম ও আত্মমর্যাদার মাধ্যমে ক্যালেন্ডার বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিলরও বটে। তাঁর ভাষ্য অনুযায়ী, ঘটনার দিনই জেলা প্রশাসক তাঁর কাছ থেকে একটি ক্যালেন্ডার কিনেছিলেন, অথচ সেই প্রশাসনিক ও বিচারিক কেন্দ্রের কাছাকাছি স্থানেই তিনি প্রতারণার শিকার হলেন। অল্প পুঁজিতে চলা ছোট ব্যবসার মূলধন হারিয়ে এখন তিনি নতুন করে ব্যবসা শুরু করার মতো সংকটে পড়েছেন।
এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা কেবল আইনের কথা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের নৈতিক দায়িত্বও। প্রকাশ্য দিবালোকে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার আশপাশে যদি প্রতারক চক্র সক্রিয় থাকে এবং সহজেই পার পেয়ে যায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তাবোধও দুর্বল হয়ে পড়ে। তাই দ্রুত এই প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং হারানো অর্থ উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জরুরি।
পাশাপাশি, এই মুহূর্তে সেলিমের সবচেয়ে বড় প্রয়োজন তাঁর ব্যবসার পুঁজি ফিরে পাওয়া, যাতে তিনি আবারও সম্মানের সঙ্গে নিজের কাজ শুরু করতে পারেন। সমাজের বিত্তবান ও মানবিক মানুষ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো তাঁর পাশে দাঁড়ালে এই ধাক্কা সামলে ওঠা তাঁর জন্য সহজ হবে। সাতক্ষীরার আদালত ও প্রশাসন চত্বর হোক নিরাপদ ও মানবিকÑএই প্রত্যাশাই করি।

হেমন্তের স্নিগ্ধতায় ষাটে পা রাখলেন বরেণ্য সাংবাদিক আবুল কালাম আজাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
হেমন্তের স্নিগ্ধতায় ষাটে পা রাখলেন বরেণ্য সাংবাদিক আবুল কালাম আজাদ

পত্রদূত রিপোর্ট: হেমন্তের স্নিগ্ধ সকালে প্রকৃতির কোলে যখন মৃদু শিশিরের আলপনা আর হালকা কুয়াশার চাদর সরে গিয়ে মিষ্টি রোদের উঁকি, ঠিক সেই আবহেই জীবনের ষাট বসন্ত পূর্ণ করলেন সাতক্ষীরার প্রবীণ ও বরেণ্য সাংবাদিক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। ২৪ নভেম্বর এই গুণীজনের জন্মদিন ঘিরে সাতক্ষীরার সাংবাদিক অঙ্গনে ছিল আন্তরিকতা, শ্রদ্ধা ও ভালোবাসার উষ্ণতা। সহকর্মী ও নবীন সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।


১৯৬৭ সালের ২৪ নভেম্বর সাতক্ষীরা শহরের রাধানগর এলাকার এক প্রগতিশীল পরিবারে জন্মগ্রহণ করেন আবুল কালাম আজাদ। বাবা মরহুম অ্যাডভোকেট নেয়ামত উদ্দীন ও মা জেলেখা বেগমের আট সন্তানের মধ্যে তিনি ষষ্ঠ। শৈশবের দিনগুলো থেকেই অন্যায়ের সামনে মাথা নত না করার দৃঢ়তা আর বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর প্রবণতা তাঁর ভেতরে প্রোথিত হয়, যা পরবর্তী সময়ে সাংবাদিকতা ও নাগরিক আন্দোলনের মূল চালিকাশক্তি হয়ে ওঠে। জন্মদিনের এই বিশেষ দিনে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। বরেণ্য এই সাংবাদিকের দীর্ঘ অভিজ্ঞতা, সততা ও সংগ্রামী জীবনধারা নতুন প্রজন্মের সাংবাদিক ও সমাজকর্মীদের জন্য এক উজ্জ্বল পথনির্দেশ। সুস্বাস্থ্য ও কর্মস্পৃহা নিয়ে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তাঁর কলম ও কণ্ঠস্বর আরও দীর্ঘদিন সচল থাকুকÑএমনই কামনায় মঙ্গলবার সন্ধ্যায় ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিকরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, বাংলা নিউজ টুয়েন্টিফোর-এর সাতক্ষীরা প্রতিনিধি শেখ তানজির আহমেদ, দৈনিক পত্রদূত পত্রিকার ম্যানেজার শেখ বেলাল হোসেন, চিফ রিপোর্টার আব্দুস সামাদ, অনলাইন ইনচার্জ আসাদুজ্জামান সরদার, মো. হোসেন আলী, মিলন রুদ্র, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, সাংবাদিক রাহাত রাজা, মো. রিজাউল করিম, এসএম বিপ্লব হোসেন, গাজী ফরহাদ, রতন রায়, মিলন হোসেন প্রমুখ।

শ্যামনগরে নদীভাঙন প্রতিরোধ ও টেকসই বেড়িবাঁধ নিয়ে সংলাপ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
শ্যামনগরে নদীভাঙন প্রতিরোধ ও টেকসই বেড়িবাঁধ নিয়ে সংলাপ

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে নদীভাঙন প্রতিরোধ ও টেকসই বেড়িবাঁধ সংস্কার বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পৌরসদরের নকিপুর বাজারসংলগ্ন প্রগতি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের বাস্তবায়নাধীন এনগেজ প্রকল্পের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের সভাপতিত্বে সংলাপে প্রকল্পের বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন বারসিকের এরিয়া অফিসার রোকসানা পারভীন। সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর শরিফুল ইসলাম। এতে সরকারি বিভিন্ন দপ্তর, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার ৩০ জন প্রতিনিধি অংশ নেন।
সংলাপে উপকূলীয় অঞ্চলে নদীভাঙনের বর্তমান পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এবং এর ফলে মানুষের বসতভিটা, কৃষি, জীবন-জীবিকা ও পরিবেশের ওপর প্রভাব নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, নদীভাঙন প্রতিরোধে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার, দীর্ঘমেয়াদি ও টেকসই বাঁধ নির্মাণ এবং নিয়মিত তদারকি প্রয়োজন। পাশাপাশি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে।
সংলাপে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা ভূমি অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধ ও টেকসই বেড়িবাঁধ সংস্কারে যৌথ উদ্যোগ গ্রহণ এবং পরবর্তী করণীয় নির্ধারণে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
বারসিকের ফিল্ড ফ্যাসিলিটেটর মাহুয়া পারভীন ও প্রদীপ কুমার ম-লসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।