আন্তর্জাতিক ক্রীতদাস বাণিজ্য ও তার বিলোপের স্মরণ দিবস
ইতিহাসের কালো অধ্যায় থেকে মানবতার বিশ্ব
সাকিবুর রহমান বাবলা
২৩ আগস্ট বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক ক্রীতদাস বাণিজ্য ও তার বিলোপের স্মরণ দিবস। ইউনেস্কোর সাধারণ সম্মেলনে গৃহীত ২৯ সি/রেজু:৪০-এর মাধ্যমে দিবসটি ঘোষিত হয়, যার উদ্দেশ্য মানব ইতিহাসের অন্যতম নির্মম অধ্যায় ‘ক্রীতদাস বাণিজ্য’ স্মরণ এবং এর ভয়াবহতা সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করা। এই দিবস কেবল অতীতের একটি দুঃখজনক ইতিহাসকে স্মরণ করার উপলক্ষ নয়; বরং এটি মানব মর্যাদা, স্বাধীনতা, সমতা ও ন্যায়ের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করার বিশেষ সুযোগ।
২৩ আগস্ট তারিখটি নির্বাচনের পেছনে রয়েছে এক অনন্য ঐতিহাসিক ঘটনা। ১৭৯১ সালের ২২ আগস্ট দিবাগত রাতে তৎকালীন সান্টো ডোমিঙ্গো দ্বীপে আফ্রিকান ক্রীতদাসরা দাসপ্রথার বিরুদ্ধে এক ঐতিহাসিক বিদ্রোহ শুরু করেন। এই আন্দোলন পরবর্তীকালে ‘হাইতিয়ান বিপ্লব’ নামে পরিচিতি লাভ করে এবং বিশ্বের প্রথম সফল ক্রীতদাস বিদ্রোহ হিসেবে ইতিহাসে স্থান পায়। এই বিপ্লব শুধু একটি দেশের স্বাধীনতার পথই সুগম করেনি; বরং সমগ্র আটলান্টিক অঞ্চলে ক্রীতদাস বাণিজ্যের বিরুদ্ধে জনমত গঠনে এবং দাসপ্রথা বিলোপের আন্দোলনকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মানব সভ্যতার ইতিহাসে ক্রীতদাস প্রথার শেকড় বেশ প্রাচীন। কৃষিভিত্তিক সমাজব্যবস্থার বিকাশের সঙ্গে সঙ্গে শ্রমশক্তির চাহিদা বৃদ্ধি পায় এবং যুদ্ধবন্দী, ঋণগ্রস্ত ব্যক্তি কিংবা সামাজিকভাবে দুর্বল জনগোষ্ঠীকে জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার প্রবণতা তৈরি হয়। প্রাচীন মিশর, গ্রিস, রোম, মেসোপটেমিয়া এবং বিশ্বের বিভিন্ন সভ্যতায় দাসপ্রথা অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর অংশে পরিণত হয়েছিল। তবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রূপ দেখা যায় ট্রান্সআটলান্টিক ক্রীতদাস বাণিজ্যে, যেখানে লক্ষ লক্ষ আফ্রিকান নারী, পুরুষ ও শিশুকে বলপূর্বক নিজ ভূমি থেকে বিচ্ছিন্ন করে আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে নিয়ে যাওয়া হয়।
ষোড়শ থেকে উনবিংশ শতাব্দী পর্যন্ত চলা এই বাণিজ্য মানবতার ওপর এক গভীর ক্ষতচিহ্ন রেখে গেছে। অমানবিক পরিবেশে সমুদ্রযাত্রা, নির্যাতন, পরিবার বিচ্ছিন্নতা, সাংস্কৃতিক পরিচয়ের ধ্বংস এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা বৈষম্য—সব মিলিয়ে এটি ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ মানবিক বিপর্যয়। ক্রীতদাসদের শ্রমের ওপর দাঁড়িয়ে গড়ে ওঠা অর্থনৈতিক কাঠামো একদিকে কিছু শক্তিকে সমৃদ্ধ করেছে, অন্যদিকে অসংখ্য মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।
এই ইতিহাসের শিক্ষা হলোÑকোনো মানুষ কখনোই অন্য মানুষের সম্পত্তি হতে পারে না। মানব মর্যাদা, স্বাধীনতা এবং সমঅধিকার কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়; বরং সকল মানুষের জন্মগত অধিকার। এ কারণেই আন্তর্জাতিক সম্প্রদায় ধীরে ধীরে দাসপ্রথার বিরুদ্ধে অবস্থান নেয় এবং একাধিক আন্তর্জাতিক দলিল ও কনভেনশনের মাধ্যমে দাসত্ব ও দাস ব্যবসাকে নিষিদ্ধ ঘোষণা করে।
১৯২৬ সালের ‘স্লেভারি কনভেনশন’ আন্তর্জাতিক আইনে দাসত্ব নিষিদ্ধ করার ক্ষেত্রে একটি মাইলফলক। পরবর্তীতে ১৯৪৮ সালের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ৪ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয় যে, কাউকে দাসত্ব বা পরাধীনতার মধ্যে রাখা যাবে না। ১৯৫৬ সালের ‘সাপ্লিমেন্টারি কনভেনশন’, আন্তর্জাতিক শ্রম সংস্থার বাধ্যতামূলক শ্রমবিরোধী কনভেনশনসমূহ এবং ২০০০ সালের ‘পালেরমো প্রোটোকল’ মানবপাচার ও আধুনিক দাসত্ব প্রতিরোধে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাঠামো গড়ে তুলেছে।
বাংলাদেশও এ বিষয়ে সুস্পষ্ট সাংবিধানিক ও আইনি অবস্থান গ্রহণ করেছে। সংবিধানের ৩৪ অনুচ্ছেদে জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করা হয়েছে। দ-বিধি, ১৮৬০-এর বিভিন্ন ধারায় মানুষকে কেনাবেচা, আটকে রাখা বা জোরপূর্বক শ্রমে বাধ্য করার বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। পাশাপাশি মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ আধুনিক দাসত্ব, মানব ও শ্রম পাচার এবং শোষণের বিরুদ্ধে দেশের অন্যতম প্রধান আইন হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
তবে আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও আধুনিক বিশ্বে দাসত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয়নি। বর্তমানে মানবপাচার, জোরপূর্বক শ্রম, ঋণ দাসত্ব, বাধ্যতামূলক বিবাহ, গৃহস্থালি শোষণ এবং বিভিন্ন ধরনের সংগঠিত অপরাধের মাধ্যমে আধুনিক দাসত্ব নতুন রূপে বিদ্যমান। আন্তর্জাতিক শ্রম সংস্থা ও বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে প্রায় চার কোটি মানুষ আধুনিক দাসত্বের শিকার। অর্থাৎ দাসপ্রথা ইতিহাসের পাতায় সীমাবদ্ধ থাকলেও তার ছায়া আজও সমাজের বিভিন্ন স্তরে বিদ্যমান।
এ বাস্তবতায় আন্তর্জাতিক ক্রীতদাস বাণিজ্য ও তার বিলোপের স্মরণ দিবস আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে—আমরা কি সত্যিই সব ধরনের শোষণ, বৈষম্য ও মানবপাচারমুক্ত সমাজ গড়ে তুলতে পেরেছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে কেবল অতীতকে স্মরণ করাই যথেষ্ট নয়; প্রয়োজন বর্তমান বাস্তবতাকে মোকাবিলা করার দৃঢ় প্রতিজ্ঞা।
মানুষকে ক্রীতদাস হিসেবে ব্যবহার করার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন আধ্যাত্মিক ও নৈতিক দর্শনে মানবতা, স্বাধীনতা, সমতা এবং মর্যাদার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিভিন্ন ঐতিহ্যে দাসমুক্তিকে মহৎ কাজ হিসেবে উৎসাহিত করা, নিপীড়িত মানুষের প্রতি মানবিক আচরণের নির্দেশ দেওয়া এবং সকল মানুষের সমান মর্যাদা ও অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়েছে। এসব শিক্ষা মানুষে মানুষে ভ্রাতৃত্ব, ন্যায়, সহমর্মিতা ও মুক্তির চেতনাকে শক্তিশালী করেছে এবং দাসত্ব, বৈষম্য ও শোষণের পরিবর্তে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।
নাগরিকদের দায়িত্ব হলো মানবপাচার, শ্রম শোষণ ও জবরদস্তিমূলক কর্মকা- সম্পর্কে সচেতন থাকা, সন্দেহজনক ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো এবং ভুক্তভোগীদের প্রতি সহমর্মী আচরণ করা। একই সঙ্গে মানবাধিকারকর্মী, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা।
ইউনেস্কোর ‘দ্য স্লেভ রুট’ প্রকল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইতিহাসকে জানা মানে কেবল অতীতকে স্মরণ করা নয়; বরং ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করা। ক্রীতদাস বাণিজ্যের ইতিহাস মানবজাতিকে শিখিয়েছে যে বৈষম্য, লোভ ও ক্ষমতার অপব্যবহার শেষ পর্যন্ত মানবতার জন্যই ক্ষতিকর। তাই এই দিবস আমাদের আহ্বান জানায় এমন একটি পৃথিবী নির্মাণের, যেখানে স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার এবং মানবাধিকারের মূল্য সর্বোচ্চ স্থান পাবে।
২৩ আগস্টের এই স্মরণ দিবস তাই শুধু অতীতের লাখো নির্যাতিত মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন নয়; এটি এমন এক বিশ্ব গঠনের অঙ্গীকারের দিন, যেখানে কোনো মানুষ আর কখনো শোষণ, দাসত্ব কিংবা মানবপাচারের শিকার হবে না।









