আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পত্তির অবৈধ পাচারবিরোধী দিবস
সাকিবুর রহমান বাবলা
১৪ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পত্তির অবৈধ পাচারবিরোধী দিবস। সাংস্কৃতিক নিদর্শন চুরি, লুণ্ঠন, অবৈধ কেনাবেচা ও পাচার প্রতিরোধে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই দিবসটির মূল উদ্দেশ্য। ২০১৯ সালে ইউনেস্কোর ৪০তম সাধারণ সম্মেলনে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৭০ সালের ১৪ নভেম্বর প্যারিসে গৃহীত সাংস্কৃতিক সম্পত্তির অবৈধ আমদানি, রপ্তানি ও মালিকানা হস্তান্তর নিষিদ্ধকরণবিষয়ক ইউনেস্কো কনভেনশনের স্মরণে দিনটি নির্ধারণ করা হয়েছে।
সাংস্কৃতিক সম্পত্তি বলতে কোনো জাতি বা জনগোষ্ঠীর ইতিহাস, পরিচয় ও ঐতিহ্যের সাক্ষ্য বহনকারী ঐতিহাসিক, শৈল্পিক, প্রত্নতাত্ত্বিক ও বৈজ্ঞানিক গুরুত্বসম্পন্ন নিদর্শনকে বোঝায়। এর মধ্যে রয়েছে প্রাচীন স্থাপত্য, মসজিদ, মন্দির, গির্জা, স্মৃতিস্তম্ভ, প্রত্নতাত্ত্বিক স্থান, দুর্লভ পাণ্ডুলিপি, প্রাচীন বই, চিত্রকর্ম, ভাস্কর্য ও ঐতিহাসিক দলিল। এসব সম্পদ একটি জাতির সাংস্কৃতিক পরিচয় ও সভ্যতার গুরুত্বপূর্ণ নিদর্শন। অন্যদিকে লোকসংগীত, নৃত্য, ভাষা, উৎসব ও ঐতিহ্যবাহী কারুশিল্প বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত। বস্তুগত সম্পদ রক্ষায় ১৯৭০ সালের কনভেনশন এবং বিমূর্ত ঐতিহ্য সংরক্ষণে ২০০৩ সালের ইউনেস্কো কনভেনশন পৃথকভাবে কাজ করে।
সাংস্কৃতিক সম্পদ পাচারের পেছনে রয়েছে লোভ, যুদ্ধবিগ্রহ, অজ্ঞতা এবং আন্তর্জাতিক অবৈধ বাজারের বিস্তার। চুরি হওয়া নিদর্শন নিলামঘর, অনলাইন প্ল্যাটফর্ম ও গোপন বাণিজ্যিক নেটওয়ার্কের মাধ্যমে হাতবদল হয়। এ অপরাধ প্রতিরোধে নিদর্শন কেনাবেচার আগে এর উৎস, মালিকানার ইতিহাস ও রপ্তানির বৈধতা যাচাই করা জরুরি। পাশাপাশি জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক সংগ্রহের ডিজিটাল তালিকা তৈরি, চুরি হওয়া নিদর্শনের তথ্য আন্তর্জাতিক ডেটাবেজে সংরক্ষণ এবং সীমান্তে নজরদারি বাড়ানো প্রয়োজন।
এ ক্ষেত্রে ১৯৭০ সালের ইউনেস্কো কনভেনশন একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আইনি কাঠামো। ইউনেস্কোর ১৬তম সাধারণ সম্মেলনে গৃহীত কনভেনশনটি ১৯৭২ সালের ২৪ এপ্রিল কার্যকর হয়। এর লক্ষ্য সাংস্কৃতিক সম্পদের অবৈধ আমদানি, রপ্তানি ও মালিকানা হস্তান্তর প্রতিরোধ এবং চুরি হওয়া নিদর্শন উদ্ধার করে প্রকৃত মালিক বা উৎসদেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করা। এ ছাড়া ১৯৫৪ সালের হেগ কনভেনশন যুদ্ধ ও সশস্ত্র সংঘাতের সময় সাংস্কৃতিক সম্পদ রক্ষায় ভূমিকা রাখে। ১৯৯৫ সালের ইউনিড্রয়েট কনভেনশন চুরি হওয়া ও অবৈধভাবে রপ্তানি করা নিদর্শন ফিরিয়ে আনার আইনি ভিত্তি তৈরি করেছে। ইন্টারপোলের চুরি হওয়া শিল্পকর্মের আন্তর্জাতিক তথ্যভান্ডারও নিদর্শন শনাক্ত ও উদ্ধারে সহায়তা করে।
বাংলাদেশ ১৯৮৭ সালের ৯ ডিসেম্বর ইউনেস্কোর ১৯৭০ সালের কনভেনশনে যোগ দেয়। দেশে প্রত্নসম্পদ সংরক্ষণের জন্য রয়েছে পুরাকীর্তি আইন, ১৯৬৮ (১৯৭৬ সালে সংশোধিত)। এ আইনের আওতায় ১০০ বছরের বেশি পুরোনো মানবসৃষ্ট বস্তু, স্থাপনা এবং ঐতিহাসিক বা বৈজ্ঞানিক গুরুত্বসম্পন্ন নিদর্শন পুরাকীর্তি হিসেবে গণ্য হয়। এ ছাড়া পুরাকীর্তি রপ্তানির ক্ষেত্রে কাস্টমস আইন, ১৯৬৯ এবং পাচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর বিধান প্রযোজ্য। পাহাড়পুর, মহাস্থানগড় ও ময়নামতির মতো প্রত্নক্ষেত্র রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির পাশাপাশি বাংলাদেশ জাতীয় জাদুঘর ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জনবল ও সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। যুগোপযোগী আইন প্রয়োগ, ডিজিটাল নথিভুক্তি, সীমান্ত নজরদারি এবং প্রত্নতাত্ত্বিক স্থানের নিরাপত্তা জোরদার করাও প্রয়োজন।
বাংলাদেশের প্রত্নসম্পদ পাচারের একটি আলোচিত ঘটনা ঘটে ২০০৭ সালে। ফ্রান্সের প্যারিসের গিমে জাদুঘরে প্রদর্শনীর জন্য প্রথম চালানে ৪২টি নিদর্শন পাঠানো হয়েছিল। দ্বিতীয় চালানে আরও ১৪৫টি নিদর্শন পাঠানোর প্রস্তুতিকালে ২১ ডিসেম্বর ঢাকার তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে গুপ্ত যুগের প্রায় দেড় হাজার বছরের পুরোনো দুটি পোড়ামাটির বিষ্ণুমূর্তি চুরি হয়। ঘটনার প্রতিবাদে প্রদর্শনী বাতিল করা হয় এবং প্রথম চালানে পাঠানো ৪২টি নিদর্শন দেশে ফিরিয়ে আনা হয়। চুরি হওয়া মূর্তি দুটির ভাঙা অংশ উদ্ধার হলেও সেগুলো অক্ষত অবস্থায় ফেরত পাওয়া যায়নি। ঘটনাটি প্রত্নসম্পদের পরিবহন ও সংরক্ষণে নিরাপত্তার দুর্বলতা প্রকাশ করে।
বিদেশে থাকা বাংলাদেশের প্রত্নসম্পদ শনাক্ত ও ফিরিয়ে আনার উদ্যোগও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পাচারকারী সুভাষ কাপুরের চক্র দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে বহু প্রত্নসম্পদ পাচার করেছিল। যুক্তরাষ্ট্রে এ চক্রের কাছ থেকে উদ্ধার হওয়া নিদর্শন সংশ্লিষ্ট দেশগুলোতে ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। স্মিথসোনিয়ান জাদুঘরের সংগ্রহে থাকা দ্বাদশ শতাব্দীর একটি মহিষাসুরমর্দিনী দুর্গামূর্তির নথিতে এর ভৌগোলিক উৎস বাংলাদেশ উল্লেখ রয়েছে। জাদুঘরের তথ্য অনুযায়ী, ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ডেভিড আর. নালিন নামের এক ব্যক্তি এটি কেনেন।
বিশ্বে লুণ্ঠিত ঐতিহ্য ফিরিয়ে আনার উল্লেখযোগ্য নজিরও রয়েছে। ১৮৯৭ সালে ব্রিটিশ বাহিনী নাইজেরিয়ার বেনিন সাম্রাজ্য থেকে হাজার হাজার ব্রোঞ্জ ও হাতির দাঁতের শিল্পকর্ম লুট করে। পরবর্তী সময়ে জার্মানি ও নাইজেরিয়া ২০২২ সালে জার্মানির সরকারি জাদুঘরগুলোতে থাকা ১ হাজার ১৩০টি নিদর্শনের মালিকানা হস্তান্তরের বিষয়ে যৌথ ঘোষণা দেয়। একইভাবে প্রাচীন ইরাকের গিলগামেশ মহাকাব্যের অংশবিশেষ বহনকারী গিলগামেশ ড্রিম ট্যাবলেট ২০২১ সালে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে দেওয়া হয়। ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন দেশ থেকে ৩১৪টি প্রত্নসম্পদ ফিরিয়ে আনা হয়েছে। কম্বোডিয়াও আন্তর্জাতিক উদ্যোগে প্রাচীন মন্দিরের লুণ্ঠিত ভাস্কর্য ফিরিয়ে পেয়েছে।
সাংস্কৃতিক সম্পদের মালিকানা নিয়ে বিতর্কের আরেকটি আলোচিত নিদর্শন কোহিনূর হীরা। বর্তমানে ১০৫.৬ ক্যারেটের হীরাটি যুক্তরাজ্যের টাওয়ার অব লন্ডনে ব্রিটিশ রাজমুকুটের অংশ হিসেবে সংরক্ষিত রয়েছে। ১৮৪৯ সালে দ্বিতীয় অ্যাংলো-শিখ যুদ্ধের পর লাহোর চুক্তির মাধ্যমে হীরাটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যায়। বর্তমানে ভারত, পাকিস্তান, ইরান ও আফগানিস্তানের সঙ্গে এর ঐতিহাসিক মালিকানা নিয়ে বিতর্ক রয়েছে। ঔপনিবেশিক শাসনামলে সাংস্কৃতিক সম্পদ হস্তান্তরের জটিল ইতিহাসেরও এটি একটি উল্লেখযোগ্য উদাহরণ।
পরিশেষে বলা যায়, সাংস্কৃতিক সম্পদ কেবল কোনো দেশের বস্তুগত সম্পদ নয়; এটি মানবসভ্যতার সম্মিলিত ইতিহাস, পরিচয় ও অমূল্য উত্তরাধিকার। এসব নিদর্শন হারিয়ে গেলে অতীতের গুরুত্বপূর্ণ তথ্য, ঐতিহাসিক স্মৃতি ও গবেষণার মূল্যবান উপাদানও হারিয়ে যায়। তাই সাংস্কৃতিক সম্পদের অবৈধ পাচার বন্ধ, চুরি হওয়া নিদর্শন উদ্ধার এবং বিদেশে থাকা ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার, আন্তর্জাতিক সংস্থা, জাদুঘর, গবেষক ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কার্যকর আইন প্রয়োগ, জনসচেতনতা এবং আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষিত রাখা সম্ভব।









