ভুয়া ফেসবুক সাংবাদিকতা ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গ
আজহারুল ইসলাম সাদী
স্মার্টফোন হাতে নিয়ে যত্রতত্র ফেসবুক লাইভ করা, সাংবাদিক পরিচয় দেওয়া এবং ভুয়া সাংবাদিকতার দৌরাত্ম্য নিয়ে সম্প্রতি জাতীয় সংসদে আলোচনা হয়েছে। এ প্রেক্ষাপটে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং প্রকৃত সাংবাদিকদের নিবন্ধনের বিষয়টি নতুন করে সামনে এসেছে।
জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ে অনেকেই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই শুধু স্মার্টফোন হাতে নিয়ে নিজেদের সাংবাদিক পরিচয় দিচ্ছেন। কেউ কেউ ভুয়া আইডি খুলে অপপ্রচার চালাচ্ছেন, যা প্রকৃত সাংবাদিকদের সুনাম ক্ষুণ্ন করছে।
এদিকে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা যুক্ত করে ‘প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪’ সংশোধনের পরিকল্পনা করছে সরকার। গত ১২ নভেম্বর জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান এ তথ্য জানান।
স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকার কাজ করছে।
প্রস্তাবিত সংশোধনীতে বার কাউন্সিলের আদলে প্রেস কাউন্সিলকে সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ অনলাইন তথ্যভান্ডার তৈরির ক্ষমতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও প্রতিষ্ঠানটিকে দেওয়া হতে পারে।
মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান আইনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। এর আওতায় মিথ্যা ও হয়রানিমূলক প্রতিবেদন এবং সাংবাদিকতার নীতিমালা ও জনস্বার্থবিরোধী সংবাদ প্রকাশের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।
এ ছাড়া গুজব, ভুয়া খবর, বিদ্বেষমূলক বক্তব্য কিংবা নীতিমালা লঙ্ঘন করে সংবাদ প্রকাশের অভিযোগে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে প্রেস কাউন্সিল নিজ উদ্যোগে তদন্ত শুরু এবং প্রয়োজনীয় আদেশ দেওয়ার ক্ষমতা পেতে পারে।
অন্যদিকে, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, প্রকৃত সাংবাদিকদের তথ্যভান্ডার তৈরির বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে সরকার আলোচনা ও পরামর্শ করছে।
প্রতিমন্ত্রী বলেন, কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে মানদণ্ড নির্ধারণের উপযুক্ত পক্ষ সাংবাদিক সংগঠনগুলো। কে কোন পেশায় আসবেন কিংবা মানুষ কীভাবে মতপ্রকাশ করবেন, তা সরকার নির্ধারণ করে দেওয়া সমীচীন নয়। সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং একই সঙ্গে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসা অভিজ্ঞ সাংবাদিকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিলের বিষয়টিও বিবেচনায় রাখার প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে পেশাদার সাংবাদিকদের মতামত ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে বিধিমালা চূড়ান্ত করা জরুরি।
সাংবাদিকতার নামে অপপ্রচার, ভুয়া পরিচয় ও বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, স্বাধীনতা ও অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে। লেখক: সাংবাদিক ও কলামিস্ট।









