বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

আশাশুনিতে আইনশৃঙ্খলা কমিটির সভায় নদীভাঙন ও দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আলোচনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
আশাশুনিতে আইনশৃঙ্খলা কমিটির সভায় নদীভাঙন ও দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আলোচনা

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কুড়িকাহুনিয়া নদীভাঙন, গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় প্রতাপনগরের কুড়িকাহুনিয়া এলাকায় নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ, মানিকখালী ব্রিজ থেকে আশাশুনি এপ্রোচ সড়ক এবং মানিকখালী ব্রিজ থেকে বড়দল পর্যন্ত প্রধান সড়ক সংস্কার, চাপড়া ব্রিজের সামনে ভাঙনের আশঙ্কা নিরসন ও চাপড়া ব্রিজ থেকে সাতক্ষীরা পর্যন্ত সড়ক সংস্কারের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

সভায় মাদক ও জুয়া নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, জেলি দিয়ে নকল দুধ তৈরির কারখানার বিরুদ্ধে ব্যবস্থা, পল্লী বিদ্যুতের লোডশেডিং কমানো এবং পেট্রোল পাম্পে পরিমাণে কম তেল দেওয়া ও ভেজাল তেল বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতিশ গোলদার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সুবহান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির নুরুল আফসার মর্তুজা, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, প্রেস ক্লাবের সভাপতি এসকে হাসান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, আশাশুনি পল্লী বিদ্যুতের এজিএম মাহমুদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় শোভনালী ইউপির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, দরগাহপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, বড়দল ইউপির প্যানেল চেয়ারম্যান কে এম রকিবুজ্জামান, শ্রীউলা ইউপির প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ও খাজরা ইউপির চেয়ারম্যান বাচ্চুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 

Ads small one

আদালত থেকে হাতকড়া খুলে পালানো পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ
আদালত থেকে হাতকড়া খুলে পালানো পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

সংবাদদাতা: সাতক্ষীরায় দুটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামি আদালত থেকে পালিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর আবার গ্রেপ্তার হয়েছেন। বুধবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বারান্দা থেকে তিনি পালিয়ে যান। গ্রেপ্তার আসামির নাম শফিকুল ইসলাম (৩২)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার রাড়িপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি ফেনসিডিল ও গাঁজাসহ শফিকুলকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জামিনে মুক্তির পর ২০২৫ সাল থেকে তিনি পলাতক ছিলেন। এ ছাড়া পাটকেলঘাটা থানার অপর একটি মাদক মামলায় তাঁর দুই বছরের সাজা হয়। মঙ্গলবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে আদালতের ভবনে নেওয়ার সময় হাতকড়া খুলে পালিয়ে যান শফিকুল।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক জানান, পালিয়ে যাওয়ার পর অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের পাশের একটি অটোস্ট্যান্ড থেকে বিকেল চারটার দিকে শফিকুলকে ফের গ্রেপ্তার করা হয়। সাড়ে পাঁচটার দিকে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

 

আশাশুনিতে সড়কের ওপর ঝুঁকিপূর্ণ মরা গাছ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
আশাশুনিতে সড়কের ওপর ঝুঁকিপূর্ণ মরা গাছ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের মানিকখালী ব্রিজ থেকে বড়দল সড়কের ফকরাবাদ এলাকায় রাস্তার পাশে একটি বড় শিশু-চটকা গাছ দীর্ঘদিন ধরে শুকিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ফকরাবাদ শ্যামা মিস্ত্রীর মিলের মোড় সংলগ্ন ওই সড়কে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচল করে। মরা গাছটির বড় দুটি ডাল হেলে থাকায় যেকোনো সময় তা ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সাংবাদিক ও ইটভাটা ব্যবসায়ী এস এম শরিফুল ইসলাম জানান, বিষয়টি জেলা পরিষদকে জানানো হলেও গাছটি অপসারণ করা হয়নি। আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও শিক্ষার্থীদের সুরক্ষায় দ্রুত গাছটি কেটে ফেলার আহ্বান জানিয়েছেন।

উত্যক্তের প্রতিবাদ করায় মারধর, গ্রেপ্তার ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
উত্যক্তের প্রতিবাদ করায় মারধর, গ্রেপ্তার ২

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার চিলেডাঙ্গা গ্রামে এক তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রবিউল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ মে চিলেডাঙ্গা মাঠে স্থানীয় এক তরুণীকে উত্ত্যক্তের ঘটনা ঘটে। স্থানীয় সাইমুন ও রফিকুল ঘটনার প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে হামলাকারীদের বাকবিত-া হয়। বিষয়টি সমাধানের জন্য সালিশের উদ্দেশে যাওয়ার পথে রবিউল ইসলামের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁকে লাঠিপেটা করে এবং টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।