আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ধস, রক্ষায় যৌথ প্রচেষ্টা
বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১০০ মিটার বেড়িবাঁধের বড় অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়েছে। বাঁধ সুরক্ষায় কাজ করছেন পাউবো ও স্থানীয় বাসিন্দারা।
সোমবার ভোরে আকস্মিকভাবে বাঁধের প্রায় ৮০ ফুট অংশ নদীতে ধসে যায় এবং আরও ২০ ফুটে ফাটল দেখা দেয়। এতে পুরো বাঁধটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জিও ব্যাগ ও মাটি ফেলে বাঁধ রক্ষায় কাজ শুরু করেন। পরবর্তীতে বিএনপির নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি এবং সাধারণ মানুষ তাঁদের সঙ্গে যোগ দেন। দিনভর চার শতাধিক মানুষ বাঁধ সংস্কারে অংশ নেন। পাউবোর পক্ষ থেকে বালিভর্তি জিও টিউব ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। জোয়ারের পানিতে রাতে পুনরায় ঝুঁকি তৈরি হলে স্থানীয় বাসিন্দারা রাত দেড়টা পর্যন্ত কাজ করে ভাঙন ঠেকান। মঙ্গলবার সকাল থেকেও বাঁধের কাজ অব্যাহত রাখা হয়েছে।
বেড়িবাঁধ ধসে পড়ায় প্রতাপনগর ইউনিয়নের ১৪টি গ্রামের প্রায় ৬ হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ২৫ হাজারের বেশি মানুষ পানিবন্দী হওয়ার আতঙ্কে রাত কাটিয়েছেন।
সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করে জানান, পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে এবং দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাউবোর বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আবদুর রহমান তাজকিয়া জানান, জোয়ারের চাপে ধস নেমেছে। বিকল্প বাঁধ নির্মাণ ও জিও টিউব ডাম্পিংয়ের কাজ চলছে।









