আশাশুনিতে চুরির অভিযোগে ৪ জন গ্রেপ্তার
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে চুরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাতে উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মৃত উজির আলী সরদারের মেয়ে রিজিয়া খাতুনের বাড়িতে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় রিজিয়া খাতুন বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে গোয়ালডাঙ্গা গ্রামের তামিম ইকবাল (১৯), শামীম হোসেন (২৬), মিনারুল ইসলাম (২০) ও ওমর আলী সরদার (৫৫)-কে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।









