আশাশুনির বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা সুন্দরবন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব কাজী আলাউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শ্বেতপুর অনির্বাণ যুব সংঘের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
অনির্বাণ যুব সংঘের সভাপতি আজমল হুদা ছট্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনির।
আয়োজকেরা জানান, আগামী ৩০ জুলাই পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ৪টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিক্রি করা হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।









