আশাশুনিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে লিফলেট বিতরণ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার বদরতলা, শালখালী ও দরগাহপুর বাজারে এসব লিফলেট বিতরণ করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের নির্দেশনায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৌমাছি’র উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। সহযোগিতায় ছিল বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও আশাশুনি উপজেলা সমাজসেবা কার্যালয়।
কর্মসূচিকালে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সর্বসাধারণের মাঝে ডেঙ্গু-চিকুনগুনিয়ার লক্ষণ, এডিস মশার বিস্তার রোধ ও প্রতিষেধক ব্যবস্থা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে বাসাবাড়ির আঙিনায় জমা পানি ফেলে দেওয়া এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।












