বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ
সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ও ওষুধ জব্দ করেছে বিজিবি।

১০ ও ১১ নভেম্বর ২০২৬ তারিখে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও কাকডাঙ্গা বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালচত্বর এলাকা থেকে ১ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করে। অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৪ আরবি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।

দুটি অভিযানে সর্বমোট ৩ লাখ ৯২ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। চোরাচালান প্রতিরোধ ও দেশীয় শিল্পের বিকাশে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Ads small one

সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ঐতিহ্যবাহী সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যালয়ের নিজস্ব জায়গায় থাকা দোকানঘর ভাড়া সংক্রান্ত একটি বৈঠক চলছিল। এ সময় কয়েকজন বহিরাগত জোরপূর্বক সভায় প্রবেশ করে এবং কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করে। এ ঘটনায় বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দত্ত বলেন, বিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সভা চলাকালে বহিরাগতদের এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁরা ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির দাবি জানান এবং বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ বলেন, সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে শিক্ষক লাঞ্ছনার ঘটনা তিনি শুনেছেন। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। প্রধান শিক্ষকের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের জায়গায় দোকান ভাড়া দেওয়ার ক্ষেত্রে নিয়ম-নীতির বাইরে যাওয়ার সুযোগ নেই। ম্যানেজিং কমিটি ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।

পাইকগাছার সাংবাদিক জিয়াকে প্রাণনাশের হুমকি, রিপোর্টার্স ইউনিটির নিন্দা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
পাইকগাছার সাংবাদিক জিয়াকে প্রাণনাশের হুমকি, রিপোর্টার্স ইউনিটির নিন্দা

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিক জিয়াউদ্দীন নায়েবকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা যায়, পাইকগাছার শরিফা নামের এক তরুণীর বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহের উদ্যোগ নেন সাংবাদিক জিয়াউদ্দীন নায়েব। বিষয়টি শরিফা খুলনায় অবস্থানরত শিমুল নামের এক ব্যক্তিকে জানান। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার (৯ নভেম্বর) বেলা ২টার দিকে ০১৭১৮৪৪৪৬৭২ নম্বর থেকে সাংবাদিকের ব্যবহৃত ০১৪০০৭৫৫৭৪৪ নম্বরে ফোন করা হয়।

ফোনে অপর প্রান্তের ব্যক্তি শরিফাকে চেনেন কি না, তা জানতে চান। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে মাই টিভির খুলনা প্রতিনিধি শিশির মনিরের সঙ্গে কাজ করেন বলে পরিচয় দেন। এ সময় শরিফা-সংক্রান্ত একটি ঘটনার কথা উল্লেখ করলে ওই ব্যক্তি তাঁকে মামলার ভয় দেখান। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং সাংবাদিক জিয়াউদ্দীন নায়েবকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গত ৯ নভেম্বর পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন জিয়াউদ্দীন নায়েব। জিডি নম্বর ৪৪৫।

এদিকে সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, হুমকিদাতাকে শনাক্ত এবং তাঁকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।

আশাশুনিতে তিন আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৬

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
আশাশুনিতে তিন আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৬

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তিন নেতাসহ বিভিন্ন মামলার ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় আওয়ামী লীগ নেতা থানাঘাটা মাড়িয়ালা গ্রামের ছহিল উদ্দিন সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৪৬), বড়দল গ্রামের মৃত এস এম ইউনুছ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (৪২), এবং প্রতাপনগরের মৃত মাজেদ হাওলাদারের ছেরে মো. মাকসুদুল রহমান (৪৫)।

এ ছাড়া সিআর-৫৬/২৬ মামলার আসামি ফকরাবাদ গ্রামের ইনসাফ আলী সরদারের ছেরে এস এম শাফিয়ার রহমান; নন-জিআর ১৩৬/২৬ মামলার আসামি জামালনগর গ্রামের ফকির গোলদারের ছেলে কালিদাশ গোলদার (৪০), এবং সাইবার সুরক্ষা আইনের ২৭৭/২৫ মামলার আসামি বুড়িয়া গ্রামের প্রবোধ কুমার মণ্ডলের ছেলে জ্যোতিষ কুমার মণ্ডল।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও আদালতের পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর বুধবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।