আশাশুনিতে বেড়িবাঁধে ফাটল, পরিদর্শনে সংসদ সদস্য
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা বাজার ও নওয়াপাড়া গ্রামে বেতনা নদীর বেড়িবাঁধে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। এতে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে দোকানপাট, ঘরবাড়ি ও ফসলের মাঠসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় ব্যক্তিরা। শনিবার (১৮ জুলাই) সকালে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বেতনা নদীর নওয়াপাড়া অংশে অপর পাড়ে যেনতেনভাবে খননকাজ শুরু হলেও তা শেষ হয়নি। নদীর স্রোত সরাসরি নওয়াপাড়ার বাঁধে আছড়ে পড়ায় ভাঙন শুরু হয়েছে। বর্তমানে বাঁধের নিচের অংশ নদীগর্ভে বিলীন হয়ে মূল বাঁধ পর্যন্ত পৌঁছেছে। প্রায় ১০০ হাত এলাকায় বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে এবং দুদিনের ব্যবধানে বাঁধের মাটি ফাটলের কারণে প্রায় দেড়-দুই হাত দেবে গেছে।
শনিবার সকাল ৯টার দিকে সংসদ সদস্য ভাঙন এলাকা পরিদর্শনে গেলে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে তিনি বুধহাটা বাজারে খেয়াঘাটের কাছে ভাঙন এলাকা দেখতে যান। সেখানে বুড়োপীর সাহেবের দরগাহ ও মন্দিরসংলগ্ন এলাকায় ভাঙন রোধে আগামী দুই-তিন দিনের মধ্যে কাজ শুরুর আশ্বাস দেন তিনি।






