আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
oplus_2
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ শাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সম, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জামায়াতের নায়েবে আমির নুরুল আফসার মর্তুজা, পিআইও মোঃ আমিরুল ইসলাম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি তুষার কান্তি বোস (পিংকাই) এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও সৌহার্দ্যেরও উৎসব। তাই পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব, উসকানি কিংবা বিকৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। পূজা মন্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, প্রতিটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক দল গঠন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে যাচাই ছাড়া তা প্রচার না করার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। প্রতিটি মন্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









