আশাশুনিতে ২০০ পরিবারের মধ্যে পানির ট্যাংক বিতরণ
বিএম আলাউদ্দীন, আশাশুনি: উপকূলীয় আশাশুনিতে সুপেয় পানির সংকট নিরসনে বেসরকারি সংস্থা ‘উত্তরণ’-এর উদ্যোগে ২০০ পরিবারের মধ্যে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার হাড়িভাংগা বাজারে ওয়াটার এইড-এর সহযোগিতায় ও ওয়াটার জাস্টিস ফান্ড (ডব্লিউজেএফ) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। প্রকল্পের কো-অর্ডিনেটর মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, আশাশুনি সদর বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স ও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আসলাম লিংকন। উপকারভোগীদের পক্ষে বক্তব্য দেন সংগ্রাম নারী উন্নয়ন দলের সভানেত্রী শিউলি সরকার ও সৌহার্দ্য নারী উন্নয়ন দলের সভানেত্রী সুপ্রিয়া ম-ল।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, উপকূলীয় এলাকায় পানিতে লবণাক্ততা বেশি থাকায় সুপেয় পানির সংকট প্রবল। উত্তরণ এই সংকট নিরসনে যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। তবে সঠিক নিয়মে সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত না করলে এ প্রকল্পের সুফল ধরে রাখা সম্ভব হবে না।
প্রকল্পের কো-অর্ডিনেটর মনিরুজ্জামান জানান, উত্তরণ দীর্ঘ দিন ধরে জলবায়ু পরিবর্তন ও ভূমিহীনদের অধিকার রক্ষায় কাজ করে আসছে। অনুষ্ঠানে ১০০ পরিবারের মধ্যে ২ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানি সংরক্ষণ ট্যাংক ও প্রয়োজনীয় ফিটিংস সামগ্রী হস্তান্তর করা হয়।












