আশাশুনির নওয়াপাড়ায় নদী খননের মাটি বিক্রির স্থান পরিদর্শনে ইউএনও
বিএম আলাউদ্দীন, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার নওয়াপাড়ায় বেতনা নদী খননের সময় উত্তোলন করা মাটি বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।
বুধবার সকালে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে মাটি বিক্রির বিষয়ে খোঁজখবর নেন। তবে পরিদর্শনের সময় মাটি পরিবহনে ব্যবহৃত কোনো ট্রলি সেখানে পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ইউএনওর আগমনের খবর পেয়ে ট্রলিগুলো সরিয়ে নেওয়া হয়।
পরিদর্শনকালে ইউএনও স্থানীয়দের বলেন, ভবিষ্যতে কেউ মাটি কাটলে বা বিক্রির উদ্দেশ্যে সরিয়ে নিলে তাঁকে বিষয়টি জানাতে হবে। একই সঙ্গে মাটি কাটা ও পরিবহন বন্ধে নজরদারির দায়িত্ব বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম ও সংশ্লিষ্ট ইউপি সদস্যকে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, নদীর পাড় থেকে মাটি কেটে নেওয়ায় বাঁধ দুর্বল হয়ে পড়ছে। এ ছাড়া ওয়াপদার রাস্তা, নওয়াপাড়া পুরোনো খেয়াঘাটের ইটের রাস্তা এবং মহেশ্বরকাটি-চাপড়া গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে মাটি কাটা ও পরিবহন অব্যাহত থাকলে নদীর পাড়, বাঁধ ও সড়ক আরও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা নদীর পাড়, বাঁধ ও সরকারি সড়ক রক্ষায় মাটি কাটা ও বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
পরিদর্শনকালে বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, পুলিশের এএসআই আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, সাংবাদিক ইয়াসিন আরাফাত ড্যানিসসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









