ঈশ্বরীপুরে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণে এগিয়ে এলো হিলফুল ফুযুল ইয়ুথ সোসাইটি
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের মাধ্যমে একটি সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হিলফুল ফুযুল ইয়ুথ সোসাইটি।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলাকাঠি ও বংশীপুর এলাকায় সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এ সময় হিলফুল ফুযুল ইয়ুথ সোসাইটি-এর দপ্তর সম্পাদক আনিসুর রহমান, আশরাফ হোসেনসহ সংগঠনের একাধিক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। স্থানীয়দের অংশগ্রহণে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে “চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভূবন” স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও পরিবেশ রক্ষায় এর ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্থানীয় মসজিদ-মাদ্রাসা কর্তৃপক্ষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ মানুষের জন্য অক্সিজেন সরবরাহের পাশাপাশি বায়ু দূষণ নিয়ন্ত্রণ, মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি বিদ্যমান গাছ সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।
তারা আরও বলেন, শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয়; রোপণ করা প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একটি চারা বড় হয়ে বৃক্ষে পরিণত হলে সেটিই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।
হিলফুল ফুযুল ইয়ুথ সোসাইটি-এর পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের প্রতি দায়িত্ববোধ থেকেই সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছেন। সবুজ পরিবেশ গড়ে তুলতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা বলেন, আজকের একটি গাছ আগামী দিনের ছায়া, অক্সিজেন ও নিরাপদ পরিবেশের প্রতীক। তাই পরিবেশ রক্ষায় প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানো এবং সেই গাছের যত্ন নেওয়া প্রয়োজন।
এলাকাবাসী ও অংশগ্রহণকারীরা হিলফুল ফুযুল ইয়ুথ সোসাইটির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
সবুজায়নের এ ধারাবাহিকতা অব্যাহত রেখে শ্যামনগরকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছে হিলফুল ফুযুল ইয়ুথ সোসাইটি। প্রেস বিজ্ঞপ্তি











