রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

তারিক ইসলাম

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের জেলা সাতক্ষীরা যেন প্রকৃতি ও প্রতিকূলতার এক অদ্ভুত মেলবন্ধন। একদিকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নীরব বিস্তার, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতবিক্ষত জনপদ। ঘন ঘন ঘূর্ণিঝড়, লবণাক্ততার তীব্রতা আর বেড়িবাঁধ ভাঙার আতঙ্কের মধ্যেও এ অঞ্চলের মানুষ হার মানেনি। সাতক্ষীরার রুপালি ‘সাদা সোনা’ চিংড়ি, সুস্বাদু জিআই স্বীকৃত আম এবং কৃষকদের ঘামে ফলানো ফসল দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে।

প্রাকৃতিক বৈচিত্র্য ও সম্ভাবনায় ভরপুর এই জনপদে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চালুর উদ্যোগ কেবল উচ্চশিক্ষার নতুন ঠিকানা তৈরি নয়; বরং এটি উপকূলীয় অর্থনীতি ও জীবনযাত্রার বৈজ্ঞানিক রূপান্তরের এক বড় সুযোগ।

একটি অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে স্থানীয় সমস্যা ও সম্ভাবনাকে গবেষণার আওতায় আনা জরুরি। দীর্ঘদিন ধরে প্রথাগত পদ্ধতিতে পরিচালিত কৃষি, মৎস্য ও পরিবেশ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির প্রয়োগের এটাই উপযুক্ত সময়।

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বমানের গবেষণা প্রয়োজন। বৈশ্বিক উষ্ণায়নের এই যুগে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা এবং বাস্তবভিত্তিক সমাধান উদ্ভাবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ এখন এ অঞ্চলের অন্যতম বড় হুমকি। বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্যোগে লবণাক্ততা-সহনশীল নতুন ফসলের জাত উদ্ভাবন করা গেলে তা শুধু সাতক্ষীরা নয়, পুরো দক্ষিণ-পশ্চিম উপকূলের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষির আধুনিকায়ন, মাটির স্বাস্থ্য রক্ষা এবং পানিসম্পদের কার্যকর ব্যবস্থাপনায় গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বিশ্ববাজারে বাংলাদেশের চিংড়ি ও আমের ব্যাপক চাহিদা থাকলেও প্রথাগত চাষাবাদ, আধুনিক প্রক্রিয়াজাতকরণের সীমাবদ্ধতা এবং বাজারজাতকরণের নানা সমস্যার কারণে কৃষক ও উৎপাদকেরা অনেক সময় কাঙ্ক্ষিত মূল্য পান না। সামুদ্রিক সম্পদভিত্তিক অর্থনীতি, মৎস্যবিজ্ঞান ও খাদ্যপ্রযুক্তির আধুনিক গবেষণার সমন্বয় ঘটানো গেলে এ দুটি সম্ভাবনাময় খাতে বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। এর ফলে স্থানীয় পণ্যের গুণগত মান, উৎপাদনশীলতা ও আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা বাড়বে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষক ও উদ্যোক্তাদের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

উচ্চশিক্ষার প্রসারের পাশাপাশি এ বিশ্ববিদ্যালয় স্থানীয় তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারে। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক শিক্ষার মাধ্যমে তরুণেরা নতুন জ্ঞান অর্জন, গবেষণা পরিচালনা এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন। এর ফলে স্থানীয় অর্থনীতিতে আসবে নতুন গতি, কমবে কর্মসংস্থানের জন্য অন্যত্র পাড়ি জমানোর প্রবণতা।

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেবল কয়েকটি ভবনের সমষ্টি নয়; এটি উপকূলের মানুষের অর্থনৈতিক মুক্তি, প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকার সংগ্রাম এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের সম্ভাবনার প্রতীক। তবে এ সম্ভাবনা বাস্তবে রূপ দিতে হলে দ্রুত পূর্ণাঙ্গ একাডেমিক কার্যক্রম চালু, যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন, দক্ষ শিক্ষক নিয়োগ এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনাকেন্দ্রিক গবেষণার পরিবেশ নিশ্চিত করতে হবে।

সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় সাতক্ষীরার স্থানীয় সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের শক্তিতে রূপান্তরিত করতে পারে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, কৃষি, মৎস্যসম্পদ ও উপকূলীয় পরিবেশ ব্যবস্থাপনায় গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরেও গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রত্যাশা তাই শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর মধ্য দিয়ে তাঁরা দেখতে চান সম্ভাবনাময়, জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ উপকূলের স্বপ্ন।

লেখক: তারিক ইসলাম, সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

Ads small one

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ
বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

পত্রদূত ডেস্ক: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সাতক্ষীরায় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাসহ বিভিন্ন কৌশলগত স্থানে রাতভর টহল ও বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়। দেশের সার্বিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনার আওতায় রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, আরপিসিএল ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান।

এদিকে, একই রাতে সাতক্ষীরা জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে সাতক্ষীরা ১৩২/৩৩ কিলোভোল্ট গ্রিড সাবস্টেশন (পিজিসিবি), নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড়সহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে টহল ও বিশেষ নজরদারি চালানো হয়।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত চন্দ্র সেন, তুরাব আহসান ও সুবর্ণ মোহন ভাওয়াল। এ সময় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে রোববার সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, সাতক্ষীরার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

রাজধানী গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।

সোমবার (৩০ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে রবিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন দিবসটির তাৎপর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত হামলা, ইসরায়েলি বসতির লাগামহীন সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর বাধ্যবাধকতাগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং দখলদারিত্বের অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করে তারেক রহমান জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ড করা বক্তব্য পেশ করার সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবটিকে স্বাগত জানান।

এছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার সুস্পষ্ট ম্যান্ডেটসহ গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও তিনি সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, সংহতির এই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা যায় এবং তারা নিজ স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সাথে বসবাস করতে পারে।