সুন্দরবনের বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী ঢাকায় গ্রেপ্তার
শ্যামনগর প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের ত্রাস বনদস্যু আলিম ওরফে আলিফ বাহিনীর অন্যতম সদস্য মেহেদী হাসানকে (৩৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩। ঢাকার মগবাজার থেকে তাঁকে আটক করা হয়। শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের এবাদুল হকের ছেলে মেহেদী একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবনে দস্যুতা, চাঁদাবাজি এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়সহ এক ডজনের বেশি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ৫ আগস্ট শ্যামনগর থানায় অগ্নিসংযোগ, লুটপাট ও অস্ত্রাগার লুটের ঘটনার অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। তাঁর গ্রেপ্তারের দাবিতে সম্প্রতি সুন্দরবন তীরবর্তী গাবুরায় মানববন্ধন করেছিলেন তিন শতাধিক বনজীবী।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম জানান, মেহেদী পুলিশ তালিকার একজন মোস্ট ওয়ান্টেড আসামি ছিলেন। এসআরবি সদস্যরা তাঁকে আটক করে শ্যামনগর থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।








