শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ফিরলেন ৮ বাংলাদেশি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ফিরলেন ৮ বাংলাদেশি

Oplus_131072

বেনাপোল (যশোর) প্রতিনিধি: মিথ্যা আশ্বাসে ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার আট বাংলাদেশি নাগরিককে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। দুই বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাঁদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্তপথে তাঁরা ভারতে গিয়েছিলেন। পরে ভারতের তামিলনাড়ু ও কলকাতার দমদম এলাকায় বিভিন্ন কাজ করার সময় অনুপ্রবেশের অভিযোগে সেখানকার পুলিশ তাঁদের আটক করে। আদালতের রায়ে দুই বছর কারাভোগ শেষে দুই দেশের প্রশাসনের হস্তক্ষেপে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসার পর রাতেই তাঁদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে থানা পুলিশ তাঁদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ফেরত আসা আটজনকে তাঁদের শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ফেরত আসা ব্যক্তিরা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা, পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

Ads small one

পাইকগাছায় নকল ডাকের ফাঁদে নির্বিচারে শিকার হচ্ছে পরিযায়ী পাখি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
পাইকগাছায় নকল ডাকের ফাঁদে নির্বিচারে শিকার হচ্ছে পরিযায়ী পাখি

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছায় শীতের আগমনের সঙ্গে সঙ্গে পরিযায়ী পাখি শিকারের প্রবণতা বেড়েছে। পাখির ডাক নকল করে বাঁশি, সাউন্ড বক্স ও মোবাইলে ধারণ করা শব্দ ব্যবহার করে বিভিন্ন বিল ও জলাশয়ে ফাঁদ পেতে চলছে পাখি শিকার। এতে পরিযায়ী পাখির পাশাপাশি দেশীয় প্রজাতির পাখিও ঝুঁকির মুখে পড়েছে।

প্রতিবছরের মতো এবারও শীতের শুরুতে হিমালয়, সাইবেরিয়াসহ শীতপ্রধান অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসতে শুরু করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খাল-বিল ও জলাশয়ে এসব পাখির দেখা মিলছে। আর এই সুযোগে অসাধু শিকারিরা কৃত্রিমভাবে পাখির ডাক বাজিয়ে পাখিদের আকৃষ্ট করে জাল ও বিভিন্ন ফাঁদে আটকে শিকার করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিকারিরা বিলের বিস্তীর্ণ এলাকায় বাঁশ পুঁতে জাল টাঙিয়ে এবং কৃত্রিম পাখি বসিয়ে ফাঁদ তৈরি করছে। মোবাইল বা সাউন্ড বক্সে পাখির ডাক বাজিয়ে পাখিদের নিচে নামানো হচ্ছে। এসব ফাঁদে বালিহাঁস, কালিম, বক, বুরিসহ বিভিন্ন প্রজাতির পাখি আটকা পড়ছে। কোথাও কোথাও বিষ মেশানো খাবার ব্যবহার করেও পাখি শিকারের অভিযোগ রয়েছে।

উপজেলার কচুবুনিয়া, বাসাখালী, বাইশারাবাদ, তেঁতুলতলা, লতা, হানিমুনকিয়া, বাহিরবুনিয়া, দেলুটি, সোলাদানা, চকবগুড়া, খড়িয়া, আমিরপুর, বাইনবাড়ীয়া ও কুমখালীসহ বিভিন্ন এলাকার ধানক্ষেত, খাল-বিল, জলাশয় ও চিংড়িঘেরে পাখির বিচরণ রয়েছে। শিকারিরা সাধারণ মানুষের চোখ এড়াতে রাতের বেলায় এসব স্থানে ফাঁদ পেতে ভোরের দিকে তা তুলে নেয় বলে স্থানীয়দের অভিযোগ।

শিকার করা পাখি গোপনে স্থানীয় হাটবাজারে বিক্রি করা হচ্ছে। এমনকি মুঠোফোনে অর্ডার দিলে মোটরসাইকেলে করে ক্রেতাদের বাড়িতে পাখি পৌঁছে দেওয়ার অভিযোগও রয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘন করে পাখি শিকার করলে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বিলে অভিযান চালিয়ে জাল ও কৃত্রিম ফাঁদ ধ্বংস করা হলেও শিকার পুরোপুরি বন্ধ হয়নি।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, পাখি শিকার আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাখি শিকার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। শিকারিদের শনাক্ত করতে উপজেলার বিভিন্ন বিলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

প্রকৃতিপ্রেমীদের মতে, নির্বিচারে পাখি শিকার অব্যাহত থাকলে জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়বে। তাই পরিযায়ী ও দেশীয় পাখি রক্ষায় প্রশাসনের নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন ও সম্পৃক্ত করা জরুরি।

কয়রার মহেশ্বরীপুরের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মনজুরুল ইসলামের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
কয়রার মহেশ্বরীপুরের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মনজুরুল ইসলামের গণসংযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার ৩ নম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) প্রার্থী হিসেবে গণসংযোগকালে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন মো. মনজুরুল ইসলাম (মঞ্জু)।

তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, মুরুব্বি, যুবক ও মা-বোনসহ সব ভোটারের কাছে দোয়া চেয়ে বলেন, এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন এবং বৈষম্যহীন, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর ওয়ার্ড গড়ে তুলতে চান।

এলাকাবাসী জানান, মনজুরুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তাঁর সুনাম রয়েছে। তাঁর প্রার্থিতা নিয়ে ৮ নম্বর ওয়ার্ডের ভোটারদের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে।

শ্যামনগরে মানববন্ধন করায় ‘লাশ পড়বে’ বলে হুমকি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
শ্যামনগরে মানববন্ধন করায় ‘লাশ পড়বে’ বলে হুমকি

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে এসিড নিক্ষেপের মামলার প্রতিবাদে মানববন্ধন করায় ‘লাশ পড়বে’ বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে নওয়াবেঁকী গ্রামের একটি বাড়ির প্রধান ফটকে হাতে লেখা হুমকির চিঠি রেখে যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এ ঘটনায় আতঙ্কিত পরিবারটি পুলিশকে অবহিত করেছে।

মানববন্ধনের আয়োজক রেবেকা সুলতানা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নওয়াবেঁকী বাজারে স্থানীয় গ্রামবাসীদের নিয়ে মো. আশরাফ ও বিলাল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেন তাঁরা। রাত ৯টার দিকে তাঁদের বাড়ির প্রধান ফটকে একটি চিরকুট পাওয়া যায়। এতে লেখা ছিল, ‘এক এক করে প্রত্যেক জনকে দেখে নেব, মানববন্ধন করায় এবার লাশ পড়বে।’ এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রেবেকার অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে গত ১ নভেম্বর প্রতিপক্ষের লোক বিলাল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে মারধরের অভিযোগ তোলেন। পরে ৭ নভেম্বর একইভাবে হাসপাতালে ভর্তি হয়ে এসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেন। ওই মামলায় তাঁর স্বামী, জামাতাসহ পরিবারের পাঁচজনকে আসামি করা হয়। মামলার পর পুলিশ তাঁদের পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করে।

রেবেকা আরও জানান, মামলার সুষ্ঠু তদন্ত এবং আশরাফ ও বিলাল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে তাঁরা মানববন্ধন করেন। এর জেরেই আশরাফ ও তাঁর লোকজন হুমকির চিঠি দিয়েছেন বলে তাঁদের সন্দেহ।

তবে অভিযোগ অস্বীকার করে আশরাফ হোসেন বলেন, চিঠি লিখে হুমকি দেওয়ার সঙ্গে তিনি বা তাঁর লোকজন জড়িত নন। এসিড নিক্ষেপের মামলা থেকে পরিবারের সদস্যদের রক্ষার জন্য রেবেকা মিথ্যা অভিযোগ করছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম জানান, বিষয়টি তাঁকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে চিঠিটি কার উদ্দেশ্যে এবং কে পাঠিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।