বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, বিএনপির ৮ নেতা-কর্মীর নামে মামলা
এম এ রহিম, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলার ঘটনায় বিএনপির আট নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আহত তবিবুর রহমান তবি (৫০) বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলাটি করেন। তিনি বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে তবিবুর রহমান তাঁর সহযোগী লুকমান হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ছোট আঁচড়া গ্রামে নিজের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তাঁদের পথরোধ করেন। এ সময় আবদুল আহাদের নির্দেশে আশা ও বাবু তাঁদের লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলে তবিবুর রহমান ও লুকমান হোসেন আহত হন। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়।
মামলায় নাম উল্লেখ করা আট আসামি হলেন—আশা, বাবু, চয়ন, ইব্রাহিম, ইসরাফিল, জামশের আলী, বকুল ও আবদুল আহাদ। এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিদের মধ্যে আবদুল আহাদ বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর এবং ইসরাফিল সরদার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। অন্য আসামিরাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এজাহারে আরও বলা হয়, ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা বাদী ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে চলে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, মামলাটিকে হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন ছোট আঁচড়া গ্রামের কয়েকশ নারী-পুরুষ। তাঁরা বাদী তবিবুর রহমানের বাড়ির সামনে প্রতিবাদ মিছিল করেন। স্থানীয় বিক্ষোভকারীরা মামলার অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।









