কয়রায় এক কলেজের ২৯ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য
জি এম রিয়াজুল আকবর, কয়রা (খুলনা): খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২৯ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির পাঠদান ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে ২৯ জন শিক্ষার্থী অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, তাদের কেউই পাস করতে পারেনি। এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের এমন ফলের পেছনে পাঠদানের মান, শিক্ষকদের ভূমিকা, নিয়মিত ক্লাস ও শিক্ষার পরিবেশের প্রভাব খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এস এক আকবর হোসেন বলেন, ২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। তাঁর দাবি, শিক্ষার্থীরা লেখাপড়ায় অমনোযোগী ছিল এবং নিয়মিত কলেজে আসত না। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরও অভিভাবকদের অনুরোধে তাদের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এ কারণে এমন ফল হয়েছে বলে তিনি মনে করেন।
কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকশানা পারভীন বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়া কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।









