কলারোয়ায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে এমপি ইজ্জত উল্লাহ
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বুধবার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন। সফরের শুরুতে তিনি ইউনিয়নের ত্রিমোহনী কাঠের ব্রিজ পরিদর্শন করেন। এ সময় জনসাধারণের দুর্ভোগ লাঘবে ব্রিজটি সংস্কারে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বরাদ্দের উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
এরপর তিনি দেয়াড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল বারিক খানের স্ত্রীর জানাজায় অংশ নেন। পরে খোর্দো বাজারে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে সম্প্রতি ফ্যামিলি কার্ড কার্যক্রমে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে এমপি ইজ্জত উল্লাহ স্পষ্ট জানান, ভবিষ্যতে ফ্যামিলি কার্ডসহ সরকারি কোনো কার্যক্রমে অনিয়ম বা দুর্নীতি হলে তা কঠোর হস্তে দমন করা হবে।
বিকেলে খোর্দো বাজারের তিন রাস্তার মোড়ে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উন্নয়নমূলক কাজের গতি বাড়ানোর ওপর জোর দেন। সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










