কলারোয়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
কলারোয়া প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। উদ্বোধনী পর্বে কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির মুখপাত্র ও সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, পৌর আমীর সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আবু মুসা এবং কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদ।
উদ্বোধনী পর্ব শেষে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।












