৩২ বছরের শিক্ষকতা শেষে নিভৃতে অবসরে কলারোয়ার প্রধান শিক্ষক মুজিবুর রহমান
কলারোয়া প্রতিনিধি: দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে গেছেন সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান। সোমবার (৩১ আগস্ট) ছিল তাঁর চাকরিজীবনের শেষ কর্মদিবস। সুদীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে দিলেও বিদায়বেলায় কোনো আনুষ্ঠানিক সংবর্ধনা নেননি এই গুণী শিক্ষক।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে ফুল ও উপহারসামগ্রী দিয়ে শুভেচ্ছা জানান। পরে ফুল দিয়ে সাজানো একটি ট্যাক্সিতে করে তাঁকে সসম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান জানান, বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে বড় পরিসরে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু প্রধান শিক্ষক মুজিবুর রহমানের ব্যক্তিগত আপত্তির কারণে আনুষ্ঠানিকভাবে তা করা সম্ভব হয়নি।
১৯৯৪ সালের ৬ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মুজিবুর রহমান। গণিত বিষয়ে সহজ ও আকর্ষণীয় পাঠদানের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। কর্মক্ষেত্রে নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবেও নির্বাচিত হন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী এই শিক্ষক শ্রেণিকক্ষের পাশাপাশি একজন জনপ্রিয় শিক্ষামূলক কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত। ২০১৬ সালের ২৮ জানুয়ারি তিনি কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। তাঁর মেধা ও নেতৃত্বে বিদ্যালয়টি জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করে।
বিদায়বেলায় আবেগাপ্লুত কণ্ঠে মুজিবুর রহমান জানান, ব্যক্তিগতভাবে তিনি কোনো আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা চাননি, কারণ তা তাঁকে আরও বেশি আবেগাক্রান্ত করে তুলত। বিদ্যালয়টিকে তিনি সারা জীবন ভালোবেসে যাবেন বলে উল্লেখ করেন।
প্রাথমিক শিক্ষক সমিতির নেতা ও প্রধান শিক্ষক নুরুল্লা জানান, সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দিতে চাওয়া হলেও তাঁর অনিচ্ছার কারণে তা সম্ভব হয়নি। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষা অফিসের পক্ষ থেকে সুবিধাজনক সময়ে এই গুণী শিক্ষককে সম্মাননা জানানোর উদ্যোগ নেওয়া হবে।









