শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযান, পৌনে তিন লাখ টাকার মালামাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
কলারোয়া সীমান্তে বিজিবির অভিযান, পৌনে তিন লাখ টাকার মালামাল জব্দ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় পৌনে তিন লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার (১ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ তলুইগাছা ও চান্দুরিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, তলুইগাছা বিওপির একটি বিশেষ দল সীমান্ত পিলার ১৩/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার নটিজঙ্গল এলাকা থেকে ১ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

 

অন্যদিকে, চান্দুরিয়া বিওপির অপর একটি দল সীমান্ত পিলার ১৭/৫-এস থেকে ৩০০ গজ ভেতরে কলারোয়া থানার গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য ২ লাখ ৭৯ হাজার টাকা।

 

 

Ads small one

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনে তালায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনে তালায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: তালায় “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধিতে সপ্তাহব্যাপী প্রচারণাসহ পুরো আগস্ট মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে সেখানে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন ইপিআই টেকনিশিয়ান শেখ সাহিদুর রহমান রিপন।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফায়সাল সরদার, তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. আজিজুর রহমান, ভারপ্রাপ্ত ইনস্পেক্টর ইনচার্জ লিলিমা পারভিন, স্বাস্থ্য পরিদর্শক মো. মফিদুল ইসলাম, ভারপ্রাপ্ত স্যানিটারি ইনস্পেক্টর মো. খাইরুল ইসলাম, নার্সিং সুপারভাইজার খুদেজা পারভীন, নার্স ইনচার্জ মাহমুদা খানম এবং পরিসংখ্যান বিভাগের ইনচার্জ এস. এম. জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, জন্মের পরপরই নবজাতককে মায়ের শালদুধ (কলোস্ট্রাম) পান করাতে হবে এবং জীবনের প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোই সবচেয়ে নিরাপদ ও উপকারী। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হয় এবং অপুষ্টির ঝুঁকি কমে।
বক্তারা আরও বলেন, মায়ের বুকের দুধ পান করানোর ফলে মায়ের স্তন ক্যান্সার ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি কমে, প্রসব-পরবর্তী সুস্থতা দ্রুত ফিরে আসে এবং মা ও শিশুর মধ্যে গভীর মানসিক বন্ধন তৈরি হয়। তাই চিকিৎসাগত প্রয়োজন ছাড়া কোনো অবস্থাতেই ছয় মাস বয়সের আগে শিশুকে বাজারজাত গুঁড়া দুধ বা বুকের দুধের বিকল্প খাবার দেওয়া উচিত নয়। ‘মাতৃদুগ্ধ বিকল্প, শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুত সম্পূরক শিশুখাদ্য ও এর ব্যবহার-সংক্রান্ত সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী মাতৃদুগ্ধের বিকল্প পণ্যের প্রচার-প্রচারণা ও অপ্রয়োজনীয় ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে। কোন ডাক্তার নার্স বাজারের দুধের প্রেসক্রিপশন করলে ছয় মাসের কারাদ-ের বিধান রয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং সাধারণ মানুষকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে তালা উপজেলায় সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক প্রচারণা, স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম, মা ও অভিভাবকদের নিয়ে অবহিতকরণ সভা, হাসপাতাল ও কমিউনিটি পর্যায়ে পরামর্শ প্রদান এবং পুরো আগস্ট মাসজুড়ে ‘মাতৃদুগ্ধ বিকল্প আইন, ২০১৩’ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কলারোয়ায় লাঙ্গলঝাড়ার সাবেক চেয়ারম্যান জুলফিকার আলীর ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
কলারোয়ায় লাঙ্গলঝাড়ার সাবেক চেয়ারম্যান জুলফিকার আলীর ইন্তেকাল

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী (৬১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১ আগস্ট) সকাল আটটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি রামচন্দ্রপুর গ্রামের আবদার আলীর ছেলে এবং স্থানীয় ‘কলারোয়া পদ্ম পার্কের’ স্বত্বাধিকারী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর বড় ছেলে আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত, ছোট ছেলে আবদুল্লাহ আল নাঈম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন এবং একমাত্র কন্যা মৌসুমী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

শনিবার আসরের প্রার্থনার পর কলারোয়া সরকারি কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মাগরিবের নামাজের পর নিজ গ্রাম উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছেন মরহুমের ছোট ভাই ও বেগম খালেদা জিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক।

তালা থানা স্ট্যাম্প ভেন্ডার সমিতির কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
তালা থানা স্ট্যাম্প ভেন্ডার সমিতির কমিটি গঠন

সংবাদদাতা: তালা থানা স্ট্যাম্প ভেন্ডার সমিতির নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে কলারোয়া থানা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে হায়দার আলীকে সভাপতি ও আবুল কালামকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি গঠন করা হয়।

আশাশুনি স্ট্যাম্প ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লিংকনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি আলী মর্তুজা খোকন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ বিভিন্ন উপজেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সদস্য ও প্রতিনিধিরা।