শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল

পত্রদূত ডেস্ক: গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১ আগস্ট বিকেলে শহরের আমতলা বহুমুখী মাঠে জেলা জামায়াতের উদ্যোগে মিছিলপূর্ব এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের খুলনা রোড মোড়, নিউমার্কেট মোড় ও পাকাপোল মোড় প্রদক্ষিণ করে পুনরায় আমতলা বহুমুখী মাঠে এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে’, ‘জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে’, ‘ইনসাফ ও মানবিক বাংলাদেশ চাই’, ‘দুর্নীতি ও দুঃশাসনের অবসান চাই’ এবং ‘জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর অধ্যক্ষ শহীদুল ইসলাম বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে গণভোটের রায়ে। সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোট ও নাগরিক অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন, বিচারহীনতার অবসান এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, মাওলানা ওসমান গনি, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সদর উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান ও পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম বক্তব্য দেন। কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

Ads small one

তালা থানা স্ট্যাম্প ভেন্ডার সমিতির কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
তালা থানা স্ট্যাম্প ভেন্ডার সমিতির কমিটি গঠন

সংবাদদাতা: তালা থানা স্ট্যাম্প ভেন্ডার সমিতির নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে কলারোয়া থানা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে হায়দার আলীকে সভাপতি ও আবুল কালামকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি গঠন করা হয়।

আশাশুনি স্ট্যাম্প ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লিংকনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি আলী মর্তুজা খোকন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ বিভিন্ন উপজেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সদস্য ও প্রতিনিধিরা।

 

শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় আহত ১, থানায় লিখিত অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় আহত ১, থানায় লিখিত অভিযোগ

সংবাদদাতা: শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মন্টুলাল সরদার নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রের খবর, মুন্সীগঞ্জ উত্তর কদমতলা গ্রামের অনিল কৃষ্ণ সরদারের ছেলে সুরঞ্জন কুমার সরদার বাদী হয়ে শ্যামনগর থানা কর্মকর্তার (ওসি) কাছে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে শরিকদের সঙ্গে জমি ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টায় শ্রীফলকাটি বকুলতলা এলাকায় মেজো ভাইয়ের ভাড়া বাসার সামনে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের বাকবিত-া হয়। একপর্যায়ে একই গ্রামের প্রশান্ত সরদার, তাপস সরদার, কালীচরণ মুন্ডা ও সঞ্জয় মুন্ডাসহ ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।
হামলাকারীদের লাঠির আঘাতে মন্টুলাল সরদারের মাথা ও কপাল ফেটে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। পরে আহত মন্টুকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

শ্যামনগরে নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
শ্যামনগরে নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা

সংবাদদাতা: শ্যামনগর ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল চারটায় ‘নকশীকাঁথা’ কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সার্বিক ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত অধ্যাপিকা সাহানা হামিদের সভাপতিত্বে সভার শুরুতে পূর্ববর্তী বৈঠকের কার্যবিবরণী পাঠ ও বর্তমান মিটিংয়ের লক্ষ্য-কর্মপরিকল্পনা উপস্থাপন করেন তপন চন্দ্র সরকার। পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনায় অংশ নেন সদস্য লাকি, বেবী নাজনিন, প্রতিমা রানী, নিলিমা ও শিবানী ভারতী প্রমুখ। সভায় নাগরিক কমিটির নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।