কোমরপুরে তুচ্ছ ঘটনায় এক মহিলাকে কুপিয়ে জখমের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে এক মহিলাকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, কোমরপুর গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র আকবার আলীর সাথে প্রতিবেশি জুলফিকার আলির মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে ও পূর্ব শত্রুতার জের ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে পূর্বপরিকল্পিতভাবে মৃত ইউনুস বিশ্বাসের পুত্র জুলফিকার আলি ও তার স্ত্রী সুফিয়া খাতুন অতর্কিত হামলা চালিয়ে আকবার আলীকে মারপিট করতে থাকে।
এসময় তার স্ত্রী মালেকা বেগম(৪৫) বাঁধা দিলে তাকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। মারাত্মক জখম অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এঘটনায় আকবার আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান- কোমরপুরের মারামারির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












