খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী গ্রামে দীর্ঘ ৩৫ বছরের ভোগদখলীয় সরকারি খাস জমি জবরদখলের চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ভূমিহীন পরিবারগুলো। গত ২৪ জুন বিকেলে কলিমাখালী গ্রামের বিতর্কিত জমিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ভূমিহীন সিরাজুল ইসলাম ও আমজাদ আলী অভিযোগ করেন, কলিমাখালী মৌজার ১ নম্বর খাস খতিয়ানের খাস জমিতে তাঁরা দীর্ঘদিন ধরে ঘরবাড়ি ও গাছপালা লাগিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। কিন্তু স্থানীয় গফুর ও জব্বার নামের দুই ব্যক্তি জমিটি দখলের উদ্দেশ্যে বহিরাগত লাঠিয়াল নিয়ে তাঁদের ওপর হামলা চালায় এবং এতে সুমন নামের এক যুবক রক্তাক্ত জখম হন। বর্তমানে আহত সুমন আশাশুনি ও সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার ঘটনা আড়াল করতে প্রতিপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ও কতিপয় পোর্টালে মিথ্যা তথ্য ছড়াচ্ছে দাবি করে ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এই ঘটনায় আশাশুনি থানায় একটি নন-এফআইআর প্রসিকিউশন (নং-৬৪/২০২৬) দায়ের করা হয়েছে।









