খুলনায় মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে খুলনায় প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, মহান বিজয় দিবস জাতীয় জীবনের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে হবে। তিনি জাতীয় পতাকার সঠিক মাপ, রং ও ব্যবহারের নিয়ম সম্পর্কে প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি গল্লামারী স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য স্থায়ী কমিটি গঠনের নির্দেশনা দেন।
সভায় জানানো হয়, ১৬ ডিসেম্বর প্রত্যুষে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। এ উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন সাজসজ্জা ও আলোকসজ্জা করা হবে।
সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন বাহিনী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।
এ ছাড়া সরকারি শিশু সদন, হাসপাতাল, শিশু পরিবার, এতিমখানা ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সভায় ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।












