খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সূপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পলাশ কর্মকার, কপিলমুনি (পাইকগাছা): খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাসে ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ২৫ একর জায়গাজুড়ে সুপেয় পানি প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তিন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে কৃষি অনুষদে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পাইকগাছায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের যাবতীয় কার্যক্রম শুরু করার লক্ষ্যে সোমবার দুপুরে ক্যাম্পাস পরিদর্শনে যান ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পরিদর্শনকালে কর্মকর্তারা জানান, ২৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এই ক্যাম্পাসে বৃষ্টির পানি ধরে রেখে ভূগর্ভে পাঠানো হবে। পরে তা প্রক্রিয়াকরণের মাধ্যমে পাম্পের সাহায্যে শিক্ষক, শিক্ষার্থীসহ ক্যাম্পাসে অবস্থানরত সবার জন্য সরবরাহ করা হবে। সুপেয় পানির সংকটের কারণেই এতদিন ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
চলতি শিক্ষাবর্ষেই চারটি বিভাগে ২০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের জন্য আবাসিক হল ও গবাদিপশু বিষয়ক গবেষণার জন্য দুটি শেড নির্মাণ করা হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়কের দায়িত্ব পালনকারী জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী বলেন, পাইকগাছার এই ক্যাম্পাসটি মূলত কৃষি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলেও বর্তমান সরকার এটিকে বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত করেছে। দ্রততম সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। পরিদর্শনকালে পল্লী উন্নয়ন একাডেমির সাবেক প্রকৌশলী এম এ মতিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









