ছাগল পালনের আধুনিক কৌশল শেখানো হলো সুবিধাভোগীদের
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে ছাগল পালন ও ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর আর্থিক সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নবজীবন’-এর ‘আয় বৃদ্ধিমূলক প্রকল্প’-এর আওতায় এই উদ্যোগ নেওয়া হয়। রোববার (১৯ জুলাই) সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের পূর্ব দামারপোতা গ্রামে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ওই এলাকার প্রকল্পের সুবিধাভোগী নারীরা অংশ নেন।
প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল্লাহ আল মুবিন। তিনি আধুনিক, বৈজ্ঞানিক ও লাভজনক পদ্ধতিতে ছাগল পালনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ছাগলের উন্নত জাত নির্বাচন, আধুনিক বাসস্থান তৈরি, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, নিয়মিত টিকাদান ও প্রজনন ব্যবস্থাপনার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে খামারিদের বিভিন্ন বাস্তব সমস্যার সমাধানের পরামর্শ দেওয়া হয়।
কর্মশালায় অংশ নেওয়া সালমা বেগম ও মঞ্জুয়ারা বেগম জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা ছাগল পালনের অনেক আধুনিক নিয়ম জানতে পেরেছেন, যা তাঁদের খামার পরিচালনায় লোকসান কমিয়ে আয় বাড়াতে বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবজীবনের প্রজেক্ট ম্যানেজার অছিউল আলম এবং স্থানীয় সমাজসেবক ও জনপ্রতিনিধি মো. আবু তাহের। বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে এই ধরনের আয়বর্ধক কর্মসূচি অত্যন্ত কার্যকর। অনুষ্ঠানে নবজীবনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









