রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে পর্যটনকে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে পর্যটনকে

মো: মামুন হাসান

সুন্দরবনের পুরোনো মাঝিরা আকাশ পড়তে জানেন। বাতাস হঠাৎ থমকে গেলে, পশ্চিম দিগন্তে ঘোলাটে আভা জমলে কিংবা নদীতে অকারণ অস্থিরতা দেখা দিলে তাঁরা বুঝে ফেলেন, প্রকৃতি কিছু একটা বলছে। এই লোকজ জ্ঞানই বহু প্রজন্ম ধরে বনজীবীদের বাঁচিয়েছে। কিন্তু আজ তাঁদেরই ট্রলারে যে পর্যটক বসে আছেন, তিনি আকাশের ভাষা জানেন না। তাঁর ভরসা শুধু একটি সতর্কসংকেত, আর সেই সংকেত তাঁর কাছে সময়মতো, বোধগম্য ভাষায় পৌঁছাবে কি না, সেটাই আজকের প্রশ্ন।

প্রতিবছর ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। জাতিসংঘ এই দিবসটি ঘোষণা করেছিল ১৯৮৯ সালে, আর ২০১৫ সালে গৃহীত সেনদাই কাঠামোয় ২০৩০ সালের মধ্যে দুর্যোগজনিত ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানোর অঙ্গীকার করা হয়েছে। এই অঙ্গীকারের আলোয় আমাদের পর্যটন খাতের দিকে তাকালে বোঝা যায়, ঝুঁকি যতটা বড়, প্রস্তুতি ততটা নয়।
যে শিল্পের কাঁচামাল আকাশ, জল আর মাটি

পর্যটন পৃথিবীর বিরল শিল্প, যার পুঁজি প্রকৃতি নিজেই। মহামারির আগে বৈশ্বিক জিডিপির প্রায় ১০ শতাংশ এবং প্রতি দশটি কর্মসংস্থানের একটি আসত এই খাত থেকে। কিন্তু প্রকৃতি যে পুঁজি জোগায়, জলবায়ু পরিবর্তন সেই পুঁজিতেই হাত বাড়াচ্ছে। সমুদ্রসৈকত ক্ষয় হচ্ছে, বন লবণাক্ত হচ্ছে, হিমবাহ গলছে, ঋতুর হিসাব এলোমেলো হচ্ছে।

বাংলাদেশের জন্য ঝুঁকি আরও তীব্র, কারণ আমাদের সেরা গন্তব্যগুলোই ঝুঁকির মানচিত্রের গাঢ়তম দাগে আঁকা।

সুন্দরবন: পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, ১৯৯৭ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীর পানিতে লবণাক্ততার আগ্রাসন আর ঘন ঘন ঘূর্ণিঝড়ে এই সবুজ প্রাচীরটি ক্রমশ চাপের মুখে।

কক্সবাজার ও কুয়াকাটা: বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকতগুলোর একটির অধিকারী কক্সবাজার, আর সূর্যোদয়-সূর্যাস্তের মিলনভূমি কুয়াকাটা। দুটিই উপকূলীয় ভাঙন, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সরাসরি সামনে দাঁড়িয়ে।

সিলেট ও হাওর: পাহাড়ি ঢল আর আকস্মিক বন্যা এখন আর ব্যতিক্রম নয়। ২০২২ সালের জুনের বন্যায় সিলেট অঞ্চলের লাখো মানুষ পানিবন্দি হয়েছিলেন, থমকে গিয়েছিল যোগাযোগ, থমকে গিয়েছিল পর্যটনও।

পার্বত্য চট্টগ্রাম: অনিয়মিত ও তীব্র বৃষ্টিতে ভূমিধসের শঙ্কা বাড়ছে। বর্ষায় যে পাহাড় মেঘের সঙ্গে খেলা করে, সেই পাহাড়ই হয়ে ওঠে প্রাণঝুঁকির উৎস।

প্রাণ বাঁচানোর সাফল্য, জীবিকা বাঁচানোর চ্যালেঞ্জ
বাংলাদেশের দুর্যোগ-ব্যবস্থাপনার গল্প বিশ্বের জন্য এক অনুপ্রেরণা। ১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছিলেন কয়েক লাখ মানুষ। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে মৃত্যু ছিল প্রায় এক লাখ ৪০ হাজার। ২০০৭ সালের সিডরে তা নেমে আসে কয়েক হাজারে। ২০২০ সালের আম্ফানের সময় প্রায় ২৪ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া সম্ভব হয়, আর প্রাণহানি ছিল তুলনামূলকভাবে অনেক কম। এই রূপান্তরের নেপথ্যে আছে আগাম সতর্কবার্তা, আশ্রয়কেন্দ্র আর ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবকেরা।

কিন্তু প্রাণ বাঁচানো আর জীবিকা বাঁচানো এক কথা নয়। ২০০৯ সালের আইলার পর সাতক্ষীরার শ্যামনগরসহ উপকূলের বহু জনপদে বছরের পর বছর জলাবদ্ধতা ও লবণাক্ততা মানুষের জীবনধারা বদলে দিয়েছে। পর্যটনে এর প্রতিফলন আরও নীরব। সুন্দরবনের মাঝি, সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী, হাওরের নৌকাশ্রমিক বা হোমস্টের মালিকের না আছে নিয়োগপত্র, না বিমা। ঝড় থামলে প্রাণ বাঁচে, কিন্তু আয়ের পথ বন্ধ থাকে মাসের পর মাস। জিডিপির হিসাবে এই ক্ষতি দেখা যায় না, দেখা যায় একটি পরিবারের শূন্য হাঁড়িতে।

নকশার একটি অদৃশ্য ফাঁক
প্রায় প্রতিটি হোটেলের কক্ষের দরজার পেছনে অগ্নি-নির্গমনের নকশা ঝোলানো থাকে। অথচ উপকূলীয় হোটেলের কক্ষে ঘূর্ণিঝড়ের সময় কোথায় যেতে হবে, সেই নকশা প্রায় থাকে না। অগ্নিকান্ডের ঝুঁকি আমরা নিয়মে বেঁধেছি, জলবায়ুর ঝুঁকিকে বাঁধিনি।

আরও গভীর প্রশ্ন আছে। ঝড়ের আগের ২৪ ঘণ্টায় একটি দ্বীপে বা সৈকতে ঠিক কত জন পর্যটক আছেন, তা কি কেউ জানে? সরিয়ে নেওয়ার পরিকল্পনা করতে হলে প্রথমে জানা দরকার, কাকে সরাতে হবে। মৌসুমে হাজার হাজার অতিথির বিপরীতে আশ্রয়কেন্দ্রের ধারণক্ষমতা, বহুভাষিক সতর্কবার্তা আর মাঝিদের কাছে সংকেত পৌঁছানোর পথ, এসব হিসাব আমাদের পর্যটন-পরিকল্পনায় প্রায় অনুপস্থিত।

পর্যটন: ভুক্তভোগী এবং অংশীদার
একটি অস্বস্তিকর সত্য মেনে নেওয়া ভালো। পর্যটন শুধু জলবায়ু সংকটের শিকার নয়, কিছুটা অংশীদারও। বিভিন্ন গবেষণা অনুযায়ী বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রায় ৮ শতাংশ এই খাতের সঙ্গে সম্পর্কিত। সৈকতঘেঁষা অপরিকল্পিত স্থাপনা, বন ও জলাভূমি ভরাট, প্লাস্টিক-দূষণ আর শব্দ-দূষণ প্রকৃতির নিজস্ব সুরক্ষা-ব্যবস্থাকে দুর্বল করে। অর্থাৎ সহনশীল পর্যটন শুধু বাঁচার কৌশল নয়, নৈতিক দায়ও।

সেনদাইয়ের চার অগ্রাধিকার: পর্যটনের জন্য একটি রূপরেখা
সেনদাই কাঠামো চারটি অগ্রাধিকারে দাঁড়িয়ে আছে: ঝুঁকি বোঝা, শাসন জোরদার করা, সহনশীলতায় বিনিয়োগ এবং প্রস্তুতি ও আরও ভালো করে পুনর্গঠন। এই চার স্তম্ভে বাংলাদেশের পর্যটনের জন্য আমি এমন একটি রূপরেখা প্রস্তাব করি।

১. ঝুঁকি বুঝি। প্রতিটি প্রধান পর্যটন অঞ্চলের জন্য আলাদা ঝুঁকি-মানচিত্র তৈরি হোক, যেখানে জোয়ার-ভাটা, জলোচ্ছ্বাসের সম্ভাব্য উচ্চতা, ভূমিধসপ্রবণ এলাকা আর নিরাপদ আশ্রয়ের অবস্থান থাকবে। ট্যুর বোট, হোটেল ও ঘাটে পর্যটকের নিবন্ধন ডিজিটাল করা হলে দুর্যোগের আগে কতজন কোথায় আছেন, তা জানা যাবে।

২. শাসন জোরদার করি। হোটেল, রিসোর্ট ও ট্যুর অপারেটরের লাইসেন্স নবায়নে দুর্যোগ-প্রস্তুতি পরিকল্পনা ও নিয়মিত মহড়ার প্রমাণ থাকা শর্ত হোক। ডেল্টা প্ল্যান ২১০০ ও জাতীয় অভিযোজন পরিকল্পনার সঙ্গে পর্যটন নীতির সমন্বয় আবশ্যক। কারণ জলবায়ু অভিযোজন এখন আর পরিবেশ মন্ত্রণালয়ের একার বিষয় নয়, পর্যটনেরও কেন্দ্রীয় প্রশ্ন।

৩. সহনশীলতায় বিনিয়োগ করি। প্রকৃতির নিজস্ব ঢালই সবচেয়ে সাশ্রয়ী। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মাত্র ১০০ মিটার ম্যানগ্রোভ ঢেউয়ের উচ্চতা ১৩ থেকে ৬৬ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। তাই পর্যটন আয়ের একটি নির্দিষ্ট অংশ, যেমন প্রবেশ ফি বা পরিবেশ উপকরের একাংশ, স্বচ্ছভাবে বনায়ন ও উপকূল সুরক্ষায় ফিরে যাক। পাশাপাশি দরকার উঁচু ভিত্তির কটেজ, ঝড়-সহনশীল কাঠামো, সৌরবিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ, ক্ষুদ্রবিমা, সবুজ ঋণ ও কর-প্রণোদনা। বৈশ্বিক অভিযোজন কমিশনের হিসাবে অভিযোজনে বিনিয়োগ করা প্রতি এক ডলারে দুই থেকে দশ ডলার পর্যন্ত সুফল মেলে। ঝুঁকি-প্রতিরোধ খরচ নয়, লাভজনক বিনিয়োগ।

৪. প্রস্তুত থাকি, আর আরও ভালো করে গড়ি। দুর্যোগের প্রথম ঘণ্টায় পর্যটকের পাশে দাঁড়ান মাঝি, গাইড ও হোমস্টের মালিকেরা। তাঁদের প্রাথমিক চিকিৎসা, উদ্ধার ও সংকট-যোগাযোগে প্রশিক্ষণ দিলে পুরো জনপদ হয়ে ওঠে এক জীবন্ত নিরাপত্তা-জাল। এখানে পলিটেকনিক ও কারিগরি প্রতিষ্ঠানগুলো হতে পারে স্থানীয় প্রশিক্ষণকেন্দ্র। সুন্দরবন-সংলগ্ন এলাকায় শিক্ষার্থীরা মাঝিদের সঙ্গে মিলে ঝুঁকি-মানচিত্র আঁকতে, মহড়া চালাতে আর বহুভাষিক নির্দেশিকা বানাতে পারে। আর দুর্যোগের পর যেন গন্তব্য দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য আগেই তৈরি রাখতে হবে পুনরুদ্ধার ও যোগাযোগ-পরিকল্পনা, কারণ ঝড়ের পর “পর্যটন নিরাপদ” বার্তা পৌঁছাতে দেরি হলে ক্ষতি দীর্ঘস্থায়ী হয়।

ঋতুর নতুন মানচিত্র
আমরা পর্যটনকে বড় বেশি শীতের উৎসব ভেবেছি। অথচ শীতের স্থায়িত্ব নিয়েই এখন অনিশ্চয়তা। হাওরের বর্ষা, সুন্দরবনের সবুজ শ্রাবণ, চা-বাগানের ভেজা সকাল, প্রতিটি ঋতুর আছে নিজস্ব সৌন্দর্য। নিরাপত্তার নিশ্চয়তা, আবহাওয়াভিত্তিক নমনীয় বুকিং, বিনা জরিমানায় তারিখ বদল আর ঘরের ভেতরের বিকল্প কর্মসূচি থাকলে এই রূপগুলোকেই আকর্ষণে বদলে দেওয়া সম্ভব। এতে একদিকে শীতনির্ভরতা কমবে, অন্যদিকে ঝুঁকিও ছড়িয়ে পড়বে।
পর্যটকের দায়

গন্তব্য শুধু আয়োজকের নয়, অতিথিরও। সতর্কসংকেত উপেক্ষা করে উত্তাল সাগরে নামা, নিষিদ্ধ এলাকায় প্রবেশ, সৈকতে প্লাস্টিক ফেলা, এসব আচরণ নিজের ও অন্যের জীবনকে বিপন্ন করে। যাত্রার আগে আবহাওয়ার খবর রাখা, পতাকা-সংকেতের অর্থ জানা আর স্থানীয় নির্দেশনা মানাই দায়িত্বশীল পর্যটকের ন্যূনতম পরিচয়।

শেষ কথা
জাতিসংঘের উদ্যোগে ২০২৭ সালের মধ্যে বিশ্বের সব মানুষের কাছে আগাম সতর্কবার্তা পৌঁছানোর লক্ষ্য নির্ধারিত হয়েছে। এই সবার তালিকায় যেন সুন্দরবনের গহিনে থাকা অচেনা অতিথি আর কক্সবাজারের ভিড়ে মিশে যাওয়া বিদেশি পর্যটকও থাকেন।

সুন্দরবনের মাঝির আকাশ-পড়ার বিদ্যা আর আবহাওয়া অধিদপ্তরের স্যাটেলাইট-তথ্য, এই দুই জ্ঞান যেদিন এক নৌকায় উঠবে, সেদিনই আমাদের পর্যটন সত্যিকারের সহনশীল হবে। দুর্যোগ-ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বকে একবার পথ দেখিয়েছে। এবার সেই আলো পর্যটনের পথেও ফেলার সময়, কারণ অতিথিকে আমরা ডেকে আনি ভালোবেসে, আর ভালোবাসার প্রথম প্রমাণ তাঁকে নিরাপদে ফিরিয়ে দেওয়া।

লেখক: শিক্ষক ও কলাম লেখক।

Ads small one

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ
বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

পত্রদূত ডেস্ক: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সাতক্ষীরায় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাসহ বিভিন্ন কৌশলগত স্থানে রাতভর টহল ও বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়। দেশের সার্বিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনার আওতায় রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, আরপিসিএল ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান।

এদিকে, একই রাতে সাতক্ষীরা জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে সাতক্ষীরা ১৩২/৩৩ কিলোভোল্ট গ্রিড সাবস্টেশন (পিজিসিবি), নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড়সহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে টহল ও বিশেষ নজরদারি চালানো হয়।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত চন্দ্র সেন, তুরাব আহসান ও সুবর্ণ মোহন ভাওয়াল। এ সময় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে রোববার সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, সাতক্ষীরার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

রাজধানী গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।

সোমবার (৩০ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে রবিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন দিবসটির তাৎপর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত হামলা, ইসরায়েলি বসতির লাগামহীন সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর বাধ্যবাধকতাগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং দখলদারিত্বের অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করে তারেক রহমান জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ড করা বক্তব্য পেশ করার সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবটিকে স্বাগত জানান।

এছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার সুস্পষ্ট ম্যান্ডেটসহ গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও তিনি সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, সংহতির এই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা যায় এবং তারা নিজ স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সাথে বসবাস করতে পারে।