জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান
পত্রদূত ডেস্ক: জলবায়ু সংকটের জন্য দায়ী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ ও ন্যায্য অধিকার আদায়ে তরুণদের বিশ্বদরবারে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও বিশিষ্টজনেরা। তাঁরা বলেন, উন্নত বিশ্বের কর্মকাণ্ডের কারণে জলবায়ু সংকট তৈরি হলেও বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো এর বেশি ভুক্তভোগী। এ সংকট মোকাবিলায় তরুণদের সংগঠিত হয়ে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
শনিবার রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পরিবেশ বার্তা আয়োজিত ‘ইয়ুথ ক্লাইমেট কোয়েশ্চেন কনফারেন্স-২০২৬’-এ বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আকমল হোসেন। উদ্বোধন করেন নারী নেত্রী ও লেখক কাজী সুফিয়া আখতার।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সাংবাদিক রেজাউল করিম সিদ্দিক, অধ্যাপক ড. মোহাম্মদ নুরুন্নবীসহ পরিবেশকর্মী, আইনজীবী ও উন্নয়নকর্মীরা।
জাতীয় সংগীত পরিবেশন ও দেশি জাতের বীজ বিতরণের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুটি প্রীতি ফুটবল ম্যাচ, জলবায়ুবিষয়ক আলোচনা ও বাউলগানের আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, জলবায়ু সংকটের জন্য দায়ীদের চিহ্নিত করা এবং এ সংকট মোকাবিলায় তরুণদের ভূমিকা নির্ধারণের লক্ষ্যেই সম্মেলনের আয়োজন। এর ধারাবাহিকতায় ২০২৭ সালে জাতীয় পর্যায়ে বৃহত্তর সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।









