জেলা পুলিশের কল্যাণ সভা ও মাস্টার প্যারেড: চৌকস সদস্যদের পুরস্কার প্রদান
এসএম বিপ্লব হোসেন: পুলিশ সদস্যদের শৃঙ্খলা রক্ষা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, সমস্যা সমাধান এবং পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল নয়টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মাঠপর্যায়ের দক্ষতা, শারীরিক ফিটনেস ও টার্নআউটের ওপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, পুলিশের ভাবমূর্তি ক্ষুণœ হয় এমন আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে। নিজেদের দক্ষ পুলিশ সদস্য হিসেবে গড়ে তুলতে শৃঙ্খলার কোনো বিকল্প নেই। এ সময় তিনি পোশাকবিধি মেনে চলা, স্বাস্থ্যসচেতনতা, আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখা, সরকারি সম্পদের অপচয় রোধ, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন হওয়া এবং সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণের দিকনির্দেশনা দেন।
পরবর্তীতে একই স্থানে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা শুনে অধিকাংশের তাৎক্ষণিক সমাধান দেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। পাশাপাশি অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
কল্যাণ সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী গত মাসের সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন এবং চলতি মাসে উত্থাপিত বিভিন্ন আবেদন ও সমস্যা উপস্থাপন করেন। সভায় পুলিশ সদস্যদের সার্ভিস রুলস অনুসরণ করা, মেসে উন্নত মানের খাবার পরিবেশন, ছুটি ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নির্ধারিত ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও সনদপত্র প্রদান করেন পুলিশ সুপার।
প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. বায়েজীদ ইসলাম। এসব কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. আখতারুজ্জামান, সাতক্ষীরা পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. আবু হোসেন, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, টিআই (অ্যাডমিন) ও কোর্ট ইন্সপেক্টরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।





