আশাশুনি, দেবহাটা, তালা ও কেশবপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পত্রদূত ডেস্ক: ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’Ñএই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার আশাশুনি, দেবহাটা, তালা এবং যশোরের কেশবপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে।
আশাশুনি: সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র। মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেইনার বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সাদিয়া নওশীদ ও দ্বিতীয় স্থান অধিকারী মরিয়ম সিকদারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

দেবহাটা: দেবহাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি শেষে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন পাল এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম প্রমুখ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

তালা: তালা উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকালে উপ-শহরে একটি র্যালি বের করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. ইমান উদ্দীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাবিহা নাসরিন, সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান ও তথ্য আপা প্রকল্পের মুক্তি ঘোষ প্রমুখ। সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন-উর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে কেশবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আদ্রিতা সিকদার, মাহজাবিন তাশফিয়া, সানজি দাস ও অংকিতা বিশ্বাস বক্তব্য দেয়।












