তালায় আওয়ামী লীগ নেতার পাওনা মেটাতে মায়ের পানের বরজ বন্ধ করার অভিযোগ
পত্রদূত ডেস্ক: রাজনৈতিক বিরোধের জের ধরে এবং সমবায় সমিতির পাওনা টাকা আদায়ের অজুহাতে এক আওয়ামী লীগ নেতার মায়ের পানের বরজে যাতায়াতের পথে কাঁটা বেঁধে কাজ বন্ধ করার অভিযোগ উঠেছে।
গত ২৬ আগস্ট জালালপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী অনিমা দাস জানান, তাঁর বড় ছেলে ইন্দ্রজিৎ দাস স্থানীয় একটি নিবন্ধিত সমবায় সমিতি পরিচালনা করতেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সমিতির ঋণগ্রহীতারা কিস্তি দেওয়া বন্ধ করেন, অন্যদিকে সঞ্চয়কারীরা এককালীন টাকা ফেরতের চাপ দেন। চাপ সামলাতে না পেরে ইন্দ্রজিৎ এলাকা ছাড়েন।
অভিযোগ রয়েছে, এরপরই স্থানীয় চেয়ারম্যানের নির্দেশে ২৫-৩০ জনের একটি দল অনিমা দাসের ছয় বিঘা পানের বরজে ঢুকে শ্রমিকদের তাড়িয়ে দেয় এবং যাতায়াতের পথে কাঁটার বেড়া দেয়। এতে এক মাসে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে এবং বরজের পান নষ্ট হতে বসেছে।
তবে ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু কাঁটা দেওয়ার অভিযোগ অস্বীকার করে জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। বিষয়টি তাঁর পরিষদের এক্তিয়ারভুক্তও নয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর ছিদ্দিক জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









