শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা

তালা প্রতিনিধি: তালা উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত খান। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্রের সঞ্চালনায় সভায় উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়, সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে নিয়মিত গ্রাম আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়। গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহণ এবং আইন ও বিধি অনুযায়ী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। মামলা নিষ্পত্তি ও নথিপত্র যথাযথভাবে সংরক্ষণের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন সভাপতি। মাসিক ও ত্রৈমাসিক প্রতিবেদনগুলো সঠিক সময়ে উপজেলা কার্যালয়ে প্রেরণের তাগিদ দেওয়া হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত খান বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি হলে উচ্চ আদালত ও থানার ওপর চাপ কমে। তাই সাধারণ মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে স্বচ্ছতার সঙ্গে গ্রাম আদালত পরিচালনা করতে হবে।” সভায় উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক কর্মকর্তারা নিজ নিজ এলাকার গ্রাম আদালতের বর্তমান পরিস্থিতি ও মামলার চিত্র তুলে ধরেন।

যশোর-সাতক্ষীরা মহাসড়ক যেন মরণফাঁদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
যশোর-সাতক্ষীরা মহাসড়ক যেন মরণফাঁদ

মনিরামপুর (যশোর) সংবাদদাতা: যশোরের মনিরামপুর উপজেলায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বেগারীতলা বাজার এলাকায় যশোর–সাতক্ষীরা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এলাকাটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি বাঁশবোঝাই নসিমন বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন, বিশেষ করে জামায়াতে ইসলামীর একদল তরুণ স্বেচ্ছাসেবক দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেন। মনিরামপুর পৌরসভা যুব জামায়াতের কর্মী মো. আব্দুর রাজ্জাক তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত ব্যক্তি উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের মরহুম মনির উদ্দিনের ছেলে মো. গোলাম রসুল (৪৫)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহত গোলাম রসুল মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং শরীরের বিভিন্ন স্থানে চোট রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের প্রবীণ বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দীন সানাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুপুরে জানাজার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ু মরহুমের কফিনে জাতীয় পতাকা মুড়িয়ে ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। জানাজায় ইমামতি করেন মরহুমের ভাইপো হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
জানাজায় অন্যদের মধ্যে কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় সম্মাননা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আশাশুনির বুধহাটা পশ্চিমপাড়া মসজিদ ও মাদ্রাসার কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
আশাশুনির বুধহাটা পশ্চিমপাড়া মসজিদ ও মাদ্রাসার কমিটি গঠন

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটা পশ্চিমপাড়া জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসা পরিচালনার জন্য পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটিগুলো গঠন করা হয়।
মসজিদ পরিচালনা কমিটিতে অ্যাডভোকেট শহিদুল ইসলামকে সভাপতি ও আলহাজ আব্দুর রবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মাস্টার আবদুল্লাহ আল মামুন। এই কমিটি মোট ২০ সদস্যবিশিষ্ট।
অন্যদিকে, বুধহাটা পশ্চিম পাড়া হাফেজিয়া মাদ্রাসা পরিচালনার জন্য ১৯ সদস্যের আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ডা. মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে আজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি হিসেবে আ. গফফার মোল্যা ও মোক্তাজুল ইসলাম খোকন এবং কোষাধ্যক্ষ হিসেবে ডা. আবদুল্লাহর নাম ঘোষণা করা হয়। উভয় কমিটির নবনির্বাচিত নেতারা প্রতিষ্ঠান দুটির উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।