মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

‎তালা প্রতিনিধি: ‎সাতক্ষীরার তালায় পানিতে ডুবে রুমান খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার ঢ্যামসাখোলা গ্রামে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মৃত্যু রুমানা খাতুন ওই গ্রামের শাহিনুর রহমান মোড়ল’র কন্যা।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯ টার দিকে শিশু রুমানা মায়ের সাথে ছাগল নিয়ে মাঠে যায়। একপর্যায়ে মা রেশমা বেগম তাদের বাড়ির পাশে কালভার্টের উপর মেয়েকে রেখে তিনি ছাগল বাধতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে মেয়েকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন।

একপর্যায়ে বাড়ির লোকজন ওই কালভার্টের নীচে পানির উপর থেকে মেয়ের ভাসমান মৃতদেহ উদ্ধার করে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Ads small one

ফার্মের মুরগি বিতর্কে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
ফার্মের মুরগি বিতর্কে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

এইচএসসি পরীক্ষা স্থগিত না করার আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ব্রয়লার মুরগির সঙ্গে তুলনা করা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে বাংলাদেশে এবার ব্যঙ্গাত্মকভাবে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’।
মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ খোলেন দেশের জেন-জি (Gen-Z) বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা।

‘We are the broiler generation: Insulted by words, United by purpose’ স্লোগানে খোলা ফেসবুক পেজটিতে সন্ধ্য সাড়ে ৬টা পর্যন্ত ২ হাজার ৩০০ জন ফলোয়ার যুক্ত হয়েছে। এ ছাড়া পেজটিতে ‘They called us Broiler Chicken, We became a Movement’ স্লোগানও দেখা গেছে।

টানা ভারী বৃষ্টিপাত ও ব্যাপক জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। এই আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কটাক্ষ করে ছড়িয়ে পড়া অডিওর প্রতিবাদ হিসেবেই অভিনব এই পেজটি খোলা হয়েছে।

বিকেল থেকে পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ব্যঙ্গাত্মক কনটেন্ট, ছবি ও ভিডিও শেয়ার করছে জেড জেনারেশন।

অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন, এই প্ল্যাটফর্মটি মূলত ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আদলে তৈরি। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার তরুণদের ‘ককরোচ’ বা ‘পরজীবী’ বলে উল্লেখ করার পর সে দেশে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে ‘ককরোচ জনতা পার্টি’ গড়ে ওঠে।

এদিকে, সারা দিন আন্দোলনের পর শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ করতে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ মন্তব্য করার বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত নয় উল্লেখ করে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দুঃখ প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে তারা সংসদ ভবনের মূল ফটকে পৌঁছে অবস্থান নেন।

এর আগে, বিকাল ৫টার দিকে সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন তিন দফা দাবি ঘোষণা করেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

তিনি আরও বলেন, গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের কথা বিবেচনা করে ওই দিনের পরীক্ষা পুনরায় নিতে হবে। একই সঙ্গে পরদিনের পরীক্ষা স্থগিত করে নতুন পরীক্ষার রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মান শিক্ষার্থীবান্ধব করার দাবি জানান তিনি।

বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে দ্বিতীয় দফায় অবস্থান নিলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এরশাদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় থাকবে: আশরাফুজ্জামান আশু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
এরশাদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় থাকবে: আশরাফুজ্জামান আশু

নিজস্ব প্রতিনিধি: জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদের অবদান দেশের ইতিহাস ও জনকল্যাণে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে উপজেলা ব্যবস্থা চালুর মাধ্যমে তিনি প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন এবং তাঁর রাষ্ট্রধর্ম ইসলামের ঘোষণা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল।

 

মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা শহরের কাটিয়া মাস্টারপাড়ায় জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা জাতীয় পার্টি এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আনোয়ার জাহিদ তপনের সভাপতিত্বে সভায় আশরাফুজ্জামান আশু আরও বলেন, একসময় সাতক্ষীরাকে জাতীয় পার্টির ‘দ্বিতীয় রংপুর’ বলা হতো। সেই রাজনৈতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মো. মশিউর রহমান বাবু, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আলিফ হোসেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাপার অর্থ সম্পাদক শেখ আশরাফ আলী এবং পৌর জাপার সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন। শেষে মরহুম এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী শেখ ফিরোজ আহম্মেদ।