নিজস্ব প্রতিনিধি: জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদের অবদান দেশের ইতিহাস ও জনকল্যাণে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে উপজেলা ব্যবস্থা চালুর মাধ্যমে তিনি প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন এবং তাঁর রাষ্ট্রধর্ম ইসলামের ঘোষণা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল।
মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা শহরের কাটিয়া মাস্টারপাড়ায় জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা জাতীয় পার্টি এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আনোয়ার জাহিদ তপনের সভাপতিত্বে সভায় আশরাফুজ্জামান আশু আরও বলেন, একসময় সাতক্ষীরাকে জাতীয় পার্টির ‘দ্বিতীয় রংপুর’ বলা হতো। সেই রাজনৈতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মো. মশিউর রহমান বাবু, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আলিফ হোসেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাপার অর্থ সম্পাদক শেখ আশরাফ আলী এবং পৌর জাপার সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন। শেষে মরহুম এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী শেখ ফিরোজ আহম্মেদ।