তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রামের দুই সন্তানের জননী শাহানারা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে ঘাতক স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় ওই গ্রামে ব্যাপক গুঞ্জন চলছে। খবর পেয়ে তালা থানার পুলিশ ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
নিহত গৃহবধূর কাকা আতিয়ার রহমান সাংবাদিকদের জানান, গত দুই তিন বছর আগে আমার ভাইঝি শাহানারা খাতুনের সঙ্গে সুজনসাহা গ্রামের আব্দুস সাত্তার এর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের দুটি সন্তান হয়, একটি ছেলে ও একটি মেয়ে। ছেলের নাম শাহাদাত হোসেন ও মেয়ের নাম সুমাইয়া আক্তার।
আতিয়ার রহমান জানান, সম্প্রতি আমাদের জামাই আরো একটি বিয়ে করেছে বলে জানা গেছে। এই বিয়েকে কেন্দ্র করে তাদের সংসারে অশান্তি চলে আসছিল। জামাই থাকতো ঢাকায়। এই ঘটনার দুই তিন দিন আগে জামাই আব্দুস সাত্তার ঢাকা থেকে বাড়িতে আসেন। আব্দুস সাত্তার বাড়িতে আসার পর তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করে আমার ভাইজিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করছে বলে আমরা মনে করছি। শুধু তাই নয়, আমার ভাইজি শাহানারা বেগমের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। যা ময়নাতদন্ত করলে পাওয়া যাবে।
তালা থানার এস আই হেমায়েত হোসেন জানান, আমরা অভিযোগ পেয়ে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। তবে ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত সুজনশাহ গ্রামে এই মৃত্যু রহস্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে।











