তালায় ২০০ কেজি আম জব্দ, ব্যবসায়ীর জরিমানা
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম পেড়ে বাজারজাত করার অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে প্রায় ২০০ কেজি ‘গোবিন্দভোগ’ আম জব্দ করার পর তা বিনষ্ট করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, আম ভাঙার মৌসুম শুরু হওয়ার আগেই কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম বাজারে বিক্রির চেষ্টা করছেনÑএমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় পাটকেলঘাটা এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ২০০ কেজি আমসহ মো. আবদুর রহিম নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত হোসেন। তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে অর্থদ- প্রদান করেন এবং জব্দ করা আমগুলো ধ্বংস করার নির্দেশ দেন।
ভারপ্রাপ্ত ইউএনও রাহাত হোসেন বলেন, ‘মৌসুমের আগে অপরিপক্ব ফল সংগ্রহ ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বাজারজাতকরণ রোধে আমাদের এই অভিযান নিয়মিত চলবে। জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে সকলকে নির্ধারিত সময় মেনে ফল সংগ্রহের আহ্বান জানানো হচ্ছে।’
উল্লেখ্য, সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আম পাড়ার নির্দিষ্ট ক্যালেন্ডার ঘোষণা করা হলেও কিছু ব্যবসায়ী বাড়তি মুনাফার আশায় অপরিপক্ব আম বাজারে ছাড়ার চেষ্টা করছেন।










