দেবহাটার রত্নেশ্বরপুরে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন
নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার রত্নেশ্বরপুর গ্রামে শত্রুতার জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী অরবিন্দু বিশ্বাস জানান, শনিবার রাতে পুকুর পাহারা শেষে তিনি বাড়ি যান। ৩০ আগস্ট সকালে খবর পান পুকুরের মাছ ভেসে উঠছে। ঘটনাস্থলে গিয়ে তিনি রুই, কাতলা, মৃগেলসহ বিপুল পরিমাণ মাছ মরে ভেসে উঠতে দেখেন। দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কোনো এক সময় পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে।
মৎস্য চাষীর দাবি, বিষ প্রয়োগের ফলে তাঁর লাখ টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আয়ের একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।
এমন নৃশংস ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসী। এ ঘটনায় দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।









