শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর সংলাপ সভা
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং উই ক্যান বাংলাদেশের সহযোগিতায় নকশীকাঁথার বাস্তবায়নে রবিবার স্থানীয় প্রশাসনের সঙ্গে নাগরিক ফোরামের সদস্য ও প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
‘নাগরিক’ প্রকল্পের আওতায় আয়োজিত এই সংলাপে স্থানীয় সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউনিয়ন পরিষদের সদস্যরা এবং সংশ্লিষ্ট ইউনিয়নে কর্মরত উপজেলা সমাজসেবা অধিদপ্তর, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে হ্রাস, প্রজননস্বাস্থ্য, ইউপির নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি সচলকরণ এবং সামাজিক সুরক্ষা খাতে নিরপেক্ষভাবে ভাতাভোগী নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে সংগঠন প্রতিনিধি, নাগরিক ফোরামের সদস্য, প্রান্তিক জনগোষ্ঠী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।
সংলাপে সোশ্যাল অডিটের তথ্যসংবলিত প্রতিবেদন উপস্থাপন করেন নাগরিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার তপন কর্মকার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, ইউপি সদস্য আক্তার ফারুক, আনোয়ার হোসেন, আব্দুল অহিদ গাজী, পাপিয়া হক, হামিদুল ইসলাম বাবু প্রমুখ।









